কুষ্টিয়া দৌলতপুরে চৈতালি-তে বাড়ছে গম-ভুট্টা-সরিষা

কুষ্টিয়ার দৌলতপুরে এবার রবি ফসল চাষ হয়েছে ২০ হাজার ৮শ' ৪০ হেক্টর জমিতে। চৈতালিতে উল্লেখযোগ্য হারে চাষ বেড়েছে গম, ভুট্টা ও সরিষার।
উপজেলার শুধুমাত্র চরাঞ্চলেই চাষ হচ্ছে প্রায় ১০ হাজার হেক্টর রবি ফসল।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, ৬ হাজার ৮শ'১০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে যা গত মৌসুমের থেকে ১ হাজার ৪শ'১০ হেক্টর বেশি, ভুট্টা ৫ হাজার ৯শ'২০ হেক্টর যা গত মৌসুমের থেকে ১ হাজার ৫শ'২০ হেক্টর বেশি। সরিষা ১ হাজার ৯শ' ৮৫ হেক্টর যা গত মৌসুমের থেকে ২শ' ৮৫ হেক্টর বেশি চাষ হয়েছে। এছাড়া আলু ৭শ' ৯০ হেক্টর, রসুন ৬শ' ৫৫ হেক্টর, মরিচ ৮শ' ৯০ হেক্টর, খেসারী ৫শ' ৫৮ হেক্টর, মটর ২শ' ২০ হেক্টর সহ সবজি চাষ হয়েছে ২ হাজার হেক্টরের বেশি জমিতে।
চলতি রবি মৌসুমে দৌলতপুর উপজেলার ১৭ হাজার কৃষকে প্রণোদনার আওতায় বীজ ও সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া দুই'শ জনকে প্রদর্শনী ক্ষেতের সহযোগিতা দেয়া হয়েছে।
প্রণোদনার আওতাভুক্ত চাষি মথুরাপুর ইউনিয়নের ইন্নাল শেখ বলেন, কৃষি অফিস থেকে তিনি এবার ভুট্টার প্রণোদনা নিয়ে ভুট্টা চাষ করছেন, এতে তাকে বীজ ও সার কিনতে টাকা খরচ করতে হয়নি, তা-ই ফসলে বেশি লাভের আশা করছেন এই কৃষক।
সরিষার প্রণোদনা নিয়ে অনাবাদী জমিতে সরিষার চাষ করেছেন মুক্তার হোসেন। তিনি জানান, আমাদের জমিতে বর্ষাকালের বৃষ্টির পানি জমে থাকার কারনে জমি ফেলে রাখতে হয়। ধান লাগানোর আগে পর্যন্ত এবার সরিষার প্রণোদনা নিয়ে সরিষার চাষ করেছি বেশ ভালো আবাদ হয়েছে ফলনও ভালো হবে আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, দৌলতপুরে এবার ভুট্টা ও গমের চাষ হয়েছে ব্যাপক। এছাড়া কৃষকদের সরকারি সহয়তার পাশাপাশি আধুনিক কৃষি যন্ত্রপাতির কারনে চাষের খরচ কমেছে, চাষাবাদ সহজ হয়েছে। কৃষকদের চাষে আগ্রহ বাড়ানোর পাশাপাশি নানান পরামর্শ দিতে কাজ করছে উপজেলা কৃষি বিভাগ।

Comments
No comments
Add a comment: