“১৭ বছর পর নোয়াখালী শহরে পরিচ্ছন্নতা অভিযান শুরু, উদ্বোধন করলেন এমপি মো. শাহজাহান”

দীর্ঘ ১৭ বছর পর নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বৃহৎ পরিসরের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহানের উদ্যোগে শুরু হওয়া এ কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন পৌরসভার বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়ক, ড্রেন ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা জমে থাকার কারণে নাগরিকদের ভোগান্তি বাড়ছিল। এ অবস্থায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হওয়াকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। শনিবার (১৪ মার্চ) দুপুরে নোয়াখালী পৌরসভার প্রধান সড়কের বিশ্বনাথ এলাকায় আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মো. শাহজাহান। উদ্বোধনের পরপরই সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার কার্যক্রম শুরু করেন কর্মীরা। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পরিপ্রেক্ষিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে বৃহৎ পরিসরের পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এই কর্মসূচির সূচনা করা হয়।
বেলা ১২টার দিকে নোয়াখালী পৌরসভার বিশ্বনাথ এলাকায় প্রধান সড়কের পাশে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে এমপি মো. শাহজাহান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদৎ হোসেনসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি মো. শাহজাহান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনস্বাস্থ্যের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ থেকে রক্ষা পেতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আজকের এই পরিচ্ছন্নতা অভিযান একদিনের কর্মসূচি নয়, বরং এটি নিয়মিত কার্যক্রম হিসেবে অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, একটি শহরকে বাসযোগ্য রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরের সড়ক, ড্রেন এবং আশপাশের পরিবেশ পরিষ্কার থাকলে মশা-মাছির উপদ্রব কমবে এবং বিভিন্ন রোগবালাই থেকেও মানুষ নিরাপদ থাকবে। নাগরিকদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমপি শাহজাহান জানান, প্রতি শনিবার শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে তিনি পৌরবাসীকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর শহরে এ ধরনের উদ্যোগ নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালিত হলে মাইজদী শহরের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য হয়ে উঠবে এবং আসন্ন বর্ষা মৌসুমে মশার উপদ্রবও অনেকাংশে কমে আসবে।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, জেলা বিএনপি নেতা আবু নাছের, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সাহাদাত হোসেন, সলিমুল্লাহ বাহার হিরণ, ওমর ফারুক টপি, জাহাঙ্গীর আলম কাল, শাহ জাফর উল্লাহ রাসেল, মিজানুর রহমান, আজগর উদ্দিন দুখু এবং আবু হানিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: