সুবর্ণচরে অসহায় বিধবার পাশে ছাত্রদল নেতা নাছির উদ্দীন নাছির, ঘর নির্মাণের আশ্বাস

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা এলাকায় চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবনযাপন করা বিধবা আয়েশা বেগমের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, তিন সন্তানকে নিয়ে তিনি অনেক সময় পচা ভাত খেয়েই সেহরি-ইফতার করছিলেন। বিষয়টি নজরে আসার পর মানবিক উদ্যোগ হিসেবে তার জন্য একটি ঘর নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি সহায়তা হিসেবে নগদ অর্থ ও এক মাসের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নাছির উদ্দীন নাছির মুঠোফোনে আয়েশা বেগমের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারের সার্বিক অবস্থা জানতে চান এবং দ্রুত একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। পরে তার নির্দেশনায় স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আয়েশা বেগমের বাড়িতে গিয়ে নগদ অর্থ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
জানা গেছে, প্রায় দুই বছর আগে দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর থেকে তিন সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন আয়েশা বেগম। উপার্জনক্ষম কেউ না থাকায় অনেক সময় তাদের না খেয়েই থাকতে হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
খবরটি জানার পর নাছির উদ্দীন নাছির মানবিক বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেন। তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। আয়েশা বেগমের পরিবারের জন্য একটি নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করবেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবেন।
তিনি আরও জানান, পরিবারটির মানবেতর জীবনযাপনের কথা বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে খাদ্য ও নগদ সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে ঈদের আগেই ঘর নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আয়েশা বেগম আর একা নন—তার পাশে বিএনপি, যুবদল ও ছাত্রদল রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ বাবুল, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ডা. বোরহান, ইউনিয়ন যুবদলের সভাপতি জাফর উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফাহিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ বলেন, আয়েশা বেগম দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছিলেন। ঘর নির্মাণের আশ্বাস ও খাদ্য সহায়তা পাওয়ায় পরিবারটির মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত ঘর নির্মাণ সম্পন্ন হলে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয় সবজি ব্যবসায়ী মো. সিরাজ উদ্দিন বলেন, সমাজের সামর্থ্যবান ও দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় পরিবারগুলো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে। এ ধরনের মানবিক উদ্যোগ অন্যদেরও উদ্বুদ্ধ করবে।
বিধবা আয়েশা বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য তিনি নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞ। দীর্ঘদিন সন্তানদের নিয়ে কষ্টে ছিলেন, সহায়তা পাওয়ার পর তার মনে হয়েছে—এখনও তাদের কথা ভাবার মানুষ আছে।

Comments
Nobin
thanks
nobin
thanks
Add a comment: