সুইডেনের রাজকন্যা প্রিন্সেস ভিক্টোরিয়া নোয়াখালী হাতিয়া পরিদর্শন

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বুধবার (২০ মার্চ) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এসে পৌঁছায়, এরপর তিনি হাতিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
প্রথমে সেনাবাহিনীর হেলিকপ্টারে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল এলাকায় অবতরণ করেন।
এসময় তাকে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী, সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম হেলিপ্যাডে তাকে স্বাগত জানান।
নোয়াখালী জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ১৮ থেকে ২১ মার্চ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফর করছেন সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া। তার এ সফরের অংশ হিসেবে ২০ মার্চ সকালে তিনি এখানে আসেন। এরপর তিনি বুড়িরচর ইউনিয়নের নতুন সুইচ বাজার পরিদর্শন করেন এবং গুচ্ছ গ্রামের জেলে পরিবারের সঙ্গে কথা বলেন।
এছাড়া নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেন তিনি। তারপর যান ভাসানচরে। সেখানে ভাসানচর ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। সংক্ষিপ্ত সময়ে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দুটি এলাকা পরিদর্শন করেন এবং ঝুঁকিপূর্ণ মানুষের অনুভূতির কথা শোনেন।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাষ্ট্রীয় অতিথি হাতিয়ায় আগমন উপলক্ষে বিভিন্ন স্থানে প্রায় ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Comments
নুরুন্নবী নবীন নোয়াখালী প্রতিনিধি
Thanks
Add a comment: