সংবিধান অনুযায়ী নির্বাচন হবে নোয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এদেশের জনগণ সন্ত্রাস জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে, এ দেশের জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায়না। আলোকিত বাংলাদেশ দেখতে চায়। জনগণ যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ তৈরী করার জন্য একটা অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি ও বাংলাদেশকে অচল করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
রোববার বিকেল ৪টার দিকে নোয়াখালী চাটখিল থানার ব্যারাক ও কনফারেন্স কক্ষ উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপিকে ইঙ্গিত করে বলেন, আমরা মনে করি জনগণ তাদের সঙ্গে নেই। তারা যতই আস্ফালন দেখাক তাতে কিছুই হবেনা। কারণ জনগণের শক্তিই আসল শক্তি। তিনি বলেন, দেশে একটি সংবিধান রয়েছে। দেশের সংবিধান অনুযায়ী যা হবে তাই আমরা করব। দেশে একটা নির্বাচন কমিশন আছে সে নির্বাচন কমিশন ভোটের সিডিউল ঘোষণা করবে। তখন সশস্ত্র বাহিনীগুলো নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। নির্বাচন কমিশন তাদেরকে যেভাবে পরিচালনা করবে তারা সে ভাবেই পরিচালিত হবে।
মন্ত্রী আরো বলেন, দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটাই আমরা আশা করি, বিশ্বাস করি। কে আসলো কে গেলো সেটা মুখ্য বিষয়না। এ দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন আপনারা কি ইয়াজ উদ্দিনের কথা ভুলে গেছেন। প্রশ্ন করে তিনি বলেন, আপনারা কি দেড় কোটি ভুয়া ভোটারের কথা ভুলে গেছেন? এই ভুয়া ভোটারদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্দোলন করেছিলেন, স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে দেশে যে ভোট হচ্ছে তা ওই আন্দোলনেরই ফসল। এই প্রশাসনের অধীনেই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়ে আসছে।আমরা মনে করি এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি নুর এ আলম মিনা, নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ- সুপার নাজিমুল হাসান রাজীব ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী বিকেল ৫টার দিকে সোনাইমুড়ি মডেল হাইস্কুল মাঠে সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল হক বাকেরের সভাপতিত্বে জনসভায় স্থানীয় সাংসদ এইচএম ইব্রাহিম, সাংসদ সুবর্ণা মুস্তফা (সংরক্ষিত নারী আসন), জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, সোনাইমুড়ি উপজেলা সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু প্রমূখ বক্তব্য রাখেন।

Comments
No comments
Add a comment: