শেখ হাসিনাকে হটাতে অতিবাম ও অতিডান মিলেমিশে একাকার - ফেনীতে ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী,বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হটানোর জন্য অতিবাম, অতিডান মিলে মিশে একাকার হয়েছে। তাদের লক্ষ্য একটাই- হটাও শেখ হাসিনা। তারা ৩৩ দল এক হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও অতি বাম ও অতি ডান দলের অনেকের অবস্থা শুন্য। শুন্যের সাথে শুন্য যোগ করলে যোগফল হয় শূন্য। ঢাল নেই তলোয়ার নেই তারা নিধিরাম সর্দার।
শনিবার দুপুরে নোয়াখালীর নিজ বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে ফেনী গার্লস ক্যাডেট কলেজ চত্বরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আন্দোলনের নামে মাঠে সংঘাত করে লাভ নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। নির্বাচনে সরকারের কোন প্রকার হস্তক্ষেপ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের কোন সুযোগ নেই।
তিনি বলেন, বিএনপি-জামাতের উস্কানী মূলক অপতৎপরতা, সরকার পতনের দিবা স্বপ্ন সফল হবে না। আমরা বিশ্বাস করি তারা নির্বাচনে আসবে। সব নিবন্ধিত দলকে আমরা স্বাগত জানাই। শেষ পর্যন্ত সবাই নির্বাচনে আসবে। আন্দোলনের নামে দেশের ক্ষতি করার দরকার কি? তত্বাবধায়ক সরকার পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোথাও নাই।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ১৫ ফেব্রুয়ারীর নির্বাচন ব্যবস্থা তারাই ধ্বংস করেছে। এক কোটি ২৩ লাখ ভূয়া ভোটার করেছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে মাঠে থাকবে। তিনি বলেন, জামায়াত আন্দোলনের নামে সহিংসতা করলে আইন প্রয়োগকারী সংস্থা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। স্থানীয় উন্নয়ন দাবির প্রসঙ্গে তিনি বলেন, এখন দেশ বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন,দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর রতন,ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার প্রমুখ।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওবায়দুল কাদের হেলিকপ্টারযোগে ফেনী গার্লস ক্যাডেট কলেজে অবতরণ করে। তারপর সাংবাদিকদের সাথে মতবিনিময় করে ফেনী জেলা আওয়ামীগের নেতা-কর্মীদের সংবর্ধনা নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা করেন।
ক্যাডেট কলেজ চত্বর থেকে শুরু করে শহরের সালাউদ্দিন মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পথে হাজারো নেতাকর্মী সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানায়।

Comments
No comments
Add a comment: