শিক্ষার্থীদের দুই ঘণ্টার আল্টিমেটাম, নইলে শিক্ষা বোর্ড ঘেরাও

উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের প্রাণহানির পর গোটা জাতি যখন গভীর শোকে স্তব্ধ, তখন চলছে শিক্ষা মন্ত্রণালয়ের ‘নির্লিপ্ত’ অবস্থান। রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হলেও বাতিল হয়নি চলমান পরীক্ষা।
বেদনাহত সহপাঠীদের হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা দাবি করছেন—এই মুহূর্তে কোনোভাবেই পরীক্ষায় বসা সম্ভব নয়। তারা বলছেন, “আমাদের ভাই-বোনেরা আজ আর নেই, কিছু এখনো নিখোঁজ—এই ট্রাজেডির পর কীভাবে আমরা শান্ত মনে পরীক্ষা দেব?”
শিক্ষা উপদেষ্টার এই ‘গুরুত্বহীন ও অমানবিক’ সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। ইতোমধ্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন—পরীক্ষা স্থগিতের দাবিতে তারা দুই ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন প্রশাসনকে।
তাদের দাবি, "আগামীকালের পরীক্ষা যদি স্থগিত না করা হয়, তবে পরীক্ষা শেষে আমরা শিক্ষা বোর্ড ঘেরাও করবো। সেইসঙ্গে আমাদের প্রিয় ভাইদের স্মরণে পালন করবো প্রতীকী শোক দিবস।”
শিক্ষার্থীরা আরও জানান, শুধু মাইলস্টোন নয়, সারা দেশের শিক্ষার্থীদের মনেও তৈরি হয়েছে ভয়, চাপ ও অনিশ্চয়তা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে হাজারো পোস্ট, যেখানে দেখা যাচ্ছে—দুঃখ, ক্ষোভ আর প্রশ্নে ছেঁয়ে গেছে শিক্ষার্থীদের হৃদয়।
এখন দেখার বিষয়—সরকার ও শিক্ষা মন্ত্রণালয় এই মানবিক সংকটের প্রতি কতটা সহানুভূতিশীল সিদ্ধান্ত নেয়। প্রশ্ন একটাই—শোকের দিনে কীভাবে হবে পরীক্ষা?

Comments
No comments
Add a comment: