১৯-২১ সেপ্টেম্বর বুয়েট ক্যাম্পাসে বসছে ইউসিয়ান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ১৪তম EUSCIAN National Science & Technology Fair 2026।
তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এবং EUSCIAN Science & Technology Club এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে এবারের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে কাজী টিভি। বিজ্ঞান, প্রযুক্তি, সৃজনশীলতা, কৌতূহল ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করাই এ মেলার অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান ও দক্ষতা বিকাশের পাশাপাশি নিজেদের প্রতিভা ও উদ্ভাবনী চিন্তা তুলে ধরার সুযোগ তৈরি করবে এ আয়োজন। মেলায় দুটি প্রধান ক্যাটাগরিতে অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম-দশম শ্রেণি ও SSC’26 শিক্ষার্থীদের জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, আইসিটি, সাধারণ জ্ঞান, বাংলা ও ইংরেজি অলিম্পিয়াডের আয়োজন থাকছে।
এছাড়া থাকছে একক ফটোগ্রাফি এবং দলীয় সায়েন্স ও কম্পিউটার প্রজেক্ট প্রদর্শনী। সিনিয়র সায়েন্স ক্যাটাগরিতে HSC’26 ও HSC’27 শিক্ষার্থীদের জন্য থাকছে বিভিন্ন অলিম্পিয়াড, ফটোগ্রাফি, সায়েন্স-ফিকশন গল্প লেখা, অ্যাস্ট্রোনমি কুইজ, রুবিকস কিউব এবং দলীয় সায়েন্স ও কম্পিউটার প্রজেক্ট। এ ছাড়া মেলায় থাকছে ট্রেজার হান্ট ও ক্র্যাক দ্য কম্পাউন্ড-এর মতো চ্যালেঞ্জভিত্তিক আয়োজন।
এসব পর্বে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ, যুক্তি, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হবে। আয়োজকরা জানিয়েছেন, ফটোগ্রাফি বিভাগে নিবন্ধন ফি ১০০ টাকা। প্রতিটি বিভাগের যোগ্যতা ও অংশগ্রহণের নিয়ম নিবন্ধনের সময় জানিয়ে দেওয়া হবে। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের নির্ধারিত বিভাগ অনুযায়ী সঠিক নিবন্ধন ফরম পূরণের আহ্বান জানানো হয়েছে।
১৯ থেকে ২১ সেপ্টেম্বর বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এ জাতীয় পর্যায়ের আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও বিজ্ঞানপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Comments
No comments
Add a comment: