লঙ্কানদের হারিয়ে সুখবর পেলো বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে জয়ের দারুণ সুযোগ থাকলেও ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছিল টাইগারদের। তবে দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মেহেদী হাসান মিরাজের দল। ২৪৯ রানের লক্ষ্য দিয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ রানের জয় তুলে নেয় তারা। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরানোর পাশাপাশি র্যাঙ্কিংয়েও উন্নতি করেছে বাংলাদেশ।আইসিসি হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী, ৭৬ রেটিং পয়েন্ট থেকে বেড়ে এখন বাংলাদেশের রেটিং দাঁড়িয়েছে ৭৮। এর ফলে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা। অন্যদিকে ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিপক্ষে এই এক জয়ই যথেষ্ট ছিল বাংলাদেশের জন্য র্যাঙ্কিংয়ে উন্নতি করার জন্য।
বাংলাদেশের জয় লঙ্কানদের জন্য হয়েছে দুঃস্বপ্ন। তারা র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে। তাদের বর্তমান রেটিং ১০২, যেখানে পাকিস্তান ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে। শীর্ষ তিনে আছে যথারীতি ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।র্যাঙ্কিংয়ের এই অবস্থান বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শীর্ষ আটে থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ নবম হলেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান মাত্র ১ রেটিং পয়েন্ট, যা বাড়ানোর সুযোগ রয়েছে টাইগারদের সামনে।
তবে সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়। এর আগে ছয়বার লঙ্কানদের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেললেও একবারও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। চারবার হেরেছে, দুইবার ড্র হয়েছে। এবার সেই ইতিহাস বদলানোর সুযোগ তৈরি হয়েছে। সিরিজের শেষ ম্যাচ জিতলেই বাংলাদেশ গড়বে ঐতিহাসিক সিরিজ জয়ের রেকর্ড। র্যাঙ্কিংয়ে আর উন্নতির সুযোগ না থাকলেও বাকি ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়াতে এবং রেটিং পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান বাড়াতে পারবে টাইগাররা।

Comments
No comments
Add a comment: