মানিকগঞ্জে ১৩ দফা দাবিতে জমিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন

মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের দাবিসহ ১৩ দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মানিকগঞ্জ জেলা শাখা। সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১টার সময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার মান বজায় রাখতে আলিম-কওমি পর্যায়ের পাঠ্যপুস্তকে পরিবর্তন আনতে হবে। কুরআন-সুন্নাহ ও মুসলিম ঐতিহ্য, কৃষ্টির সঙ্গে বর্তমান চাহিদাকে সমন্বয় করে একটি যুগোপযোগী শিক্ষাক্রম তৈরি করতে হবে।
মানববন্ধন ও স্মারকলিপিতে উল্লেখিত ১৩ দফা দাবিগুলো হল-
১। মাদরাসা শিক্ষার জন্য এ সরকারের প্রণীত ও জাতীয় সংসদে গৃহীত জাতীয় শিক্ষা নীতি-২০১০ এ বর্ণিত মাদরাসা শিক্ষার স্বীকৃতি লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের উপযোগী স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যসূচী এবং পাঠ্যবই, NCTB, মাদরাসা শিক্ষা বোর্ড ও জমিয়াতুল মোদার্রেছীনের বিজ্ঞ ও বিশেষজ্ঞ আলেমদের সমন্বয়ে প্রণয়ন করার বিকল্প নেই। অনতিবিলম্বে একটি সমন্বিত কমিটি গঠন করে এ কাজ শুরু করতে হবে।
২। দাবীকৃত শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যবই প্রণয়নের পূর্বপর্যন্ত প্রচলিত পঠ্যপুস্তকসমূহ পাঠদান অব্যাহত রাখতে হবে।
৩। সাধারণ শিক্ষায় SSC পরীক্ষা দশটি বিষয়ে ১০০০ নম্বরের অনুষ্ঠিত হবে। মাদরাসা শিক্ষার দাখিল পরীক্ষার জন্য মূল বিষয় ঠিক রেখে সমন্বয় সাধন করে ১০০০ নম্বর নির্ধারণ করতে হবে।
৪। বেসরকারি সকল স্তরের শিক্ষক-কর্মচারীগণের চাকুরী জাতীয়করণ করতে হবে।
৫। সংযুক্ত ইবতেদায়ী প্রধান সহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের উপযুক্ত বেতন/ভাতা প্রদান করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ী শিক্ষার্থীদেরকে উপবৃত্তি, টিফিনসহ সুযোগ সুবিধা প্রদান করতে হবে।
৬। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ২০১৮ সালে প্রণিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা শতভাগ বাস্তবায়ন করতে হবে এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মঞ্জুরীর ১৪ বছরের অচলাবস্থার অবসান ঘটাতে হবে।
৭। মহিলা কোটা শিথিল ও সংশোধনপূর্বক যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে।
৮। আরবি প্রভাষকগণের উচ্চতর পদে আসীন হওয়ার ব্যবস্থা করতে হবে।
৯। অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে আরবি প্রভাষকদের জন্য পথ উন্মুক্ত করতে হবে।
১০। কামিল পাশ সহকারী মৌলভীদের উচ্চতর স্কেলের ব্যবস্থা করতে হবে।
১১ । মাদরাসা শিক্ষকগণের জন্য বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করতে হবে।
১২। মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) স্কুল ও কলেজের নীতিমালা ২০২১ এর সাথে সমন্বয় করে মাদরাসার অনার্স স্তরের জন্য শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে হবে।
১৩। প্রায় দুই হাজার শিক্ষকের ইনক্রিমেন্ট কর্তন করা হয়েছে, যা অমানবিক। অনতিবিলম্বে বকেয়াসহ প্রাপ্য ইনক্রিমেন্ট প্রদানের ব্যবস্থা করতে হবে।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন জমিয়াতুল মোদার্রেছীন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুহাম্মাদ আতিকুর রহমান, সহ-সভাপতি মুহাদ্দিস মো. সালাহ উদ্দিন, অধ্যক্ষ মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক সুপার মুহা. আকরাম হোসেন, সুপার মো. ইউসুফ আলী, সুপার মো. লিয়াকত হোসেন, সুপার মো. আবদুর রহমান, সুপার মোঃ লিয়াকত আলী, সুপার মো.ফজলুর রহমান, অধ্যক্ষ মো. আজিজুল হক, সুপার মো. আবুল হোসেন, সুপার মো. দেলোয়ার হোসেন প্রমূখ।

Comments
No comments
Add a comment: