ভূঞাপুরে ট্রাক ও সিএনজি সংঘর্ষ! ছেলে নিহত বাবা সহ আহত ২

টাঙ্গাইলের ভুঞাপুরে বালুবাহী ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এঘটনায় আরো দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভুঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার জগৎপুরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র ইন্তিসার ইশরাক (২০) জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার স্থল গ্রামের আবু সাঈদের ছেলে। এতে আহত হয়েছে বাবা আবু সাঈদ ও কুষ্টিয়া এলাকার সোলায়মান নামের আরেক জন।
স্থানীয়রা জানান, সরিষাবাড়ি থেকে সিএনজি যোগে টাঙ্গাইল যাওয়ার সময় জগৎপুরা এলাকায় বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্র ইশরাক মারা যায়। আহত হয় ইশরাকের বাবাসহ দুইজন। ইশরাকের স্বজনরা জানান, বাবার সাথে ইশরাক টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছিল। কিন্তু ভর্তি হতে পারলো না ইশরাক।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ফরদিুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Comments
No comments
Add a comment: