পড়াশোনায় মনোযোগ বাড়ানোর কিছু টিপস

পড়াশোনায় মনোযোগ ধরে রাখা অনেকের জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
প্রযুক্তির আসক্তি, মানসিক চাপ এবং সময় ব্যবস্থাপনার অভাবে শিক্ষার্থীদের পড়াশোনায় ফোকাস দিন দিন কমে যায়। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে পড়াশোনায় মনোযোগ বাড়ানো সম্ভব।
নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন:
পড়াশোনায় মনোযোগ বাড়ানোর প্রথম ধাপ হলো একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা। দৈনন্দিন রুটিন সাজিয়ে নিন এবং প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করুন। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সম্পন্ন করুন। পরিকল্পনার ভিত্তিতে কাজ করলে সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং অপ্রয়োজনীয় চিন্তা দূর হবে।
পড়ার স্থান এবং পরিবেশ সঠিক করুন:
পড়াশোনার জন্য একটি নিরিবিলি এবং স্বাচ্ছন্দ্যময় পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। এতে করে পড়ার টেবিল গুছিয়ে রাখুন এবং প্রয়োজনীয় সবকিছু হাতের নাগালে রাখুন। জায়গাটি যেন অতিরিক্ত শীতল বা উষ্ণ না হয় তা নিশ্চিত করুন। অন্যদিকে পড়ার সময় ফোন, টিভি, এবং অন্যান্য বিভ্রান্তিকর ডিভাইস থেকে দূরে থাকুন। যাতে মনোযোগ কোনো মতে নষ্ট না হয়।
নির্দিষ্ট বিরতি নিয়ে নিয়ে পড়ুন:
একটানা পড়াশোনা মনোযোগ কমিয়ে দেয়। তাই মাঝে মাঝে বিরতি নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে প্রতিবার ২৫-৩০ মিনিট পড়াশোনার পর পর ৫-১০ মিনিট বিরতি নিন। এই বিরতিতে হালকা ব্যায়াম, হাঁটাহাঁটি বা পানি পান করতে পারেন। এটি মস্তিষ্ককে পুনরায় উদ্যমী করে তুলবে এবং পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবে।
নিজেকে সবসময় মোটিভেট রাখুন:
মোটিভেশন হলো মনোযোগ ধরে রাখার একটি শক্তিশালী মাধ্যম। পড়াশোনার জন্য নিজেকে পুরস্কৃত করুন। একটি চূড়ান্ত লক্ষ্য স্থির করুন এবং সেটি মনে রেখে কাজ করুন। যাতে গুলি মিস হলেও আপনার টার্গেট মিস না হয়। এমন কিছু পড়ুন বা শিখুন যা আপনাকে অনুপ্রাণিত করে। আপনার প্রাপ্তি বা অগ্রগতি লিখে রাখুন এবং তা নিয়মিত মূল্যায়ন করুন।
স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করুন:
মনোযোগ ধরে রাখতে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমাতে হবে। পুষ্টিকর খাবার খান এবং বেশি পানি পান করুন। নিয়মিত ব্যায়াম করুন এবং মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা যোগব্যায়াম অনুশীলন করুন।
এছাড়াও পড়াশোনায় মনোযোগ ধরে রাখার জন্য ধৈর্য এবং শৃঙ্খলা অত্যন্ত জরুরি। সঠিক পরিকল্পনা, উপযুক্ত পরিবেশ, এবং স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করলে পড়াশোনায় উন্নতি অর্জন সম্ভব। শিক্ষার্থীরা যদি উপরের পরামর্শগুলো অনুসরণ করে, তবে তারা তাদের লক্ষ্য পূরণে আরও দক্ষ এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে।
লেখা প্রেরক:রবিউল হাসান সাগর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।

Comments
No comments
Add a comment: