ভাঙ্গায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে রেলমন্ত্রী

আওয়ামীলীগ সরকারের উন্নয়নমুখী রাজনীতির ধারাবাহিকতায় দক্ষিন ও পশ্চিমাঞ্চল এলাকার মানুষের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল রেল যোগাযোগ ব্যবস্থা। অবশেষে সেস্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে আগামী ১০ অক্টোবর। এদিন ঢাকা ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে রেল চলাচলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ অক্টোবর সকালে শুভ উদ্বোধন শেষে এদিন বিকেল তিনটায় ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত একটি জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন।
ভাঙ্গায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ রেলমন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রী নুরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীর সভাস্থল ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম সরজমিনে পরিদর্শন করেন। এসময় মন্ত্রী সভাস্থলের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ ও উপজেলা প্রশাসনের সাথে কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থল পরিদর্শনকালে রেলমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ, জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম সেবা, জেলা পরিষদেরে চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, রেলওয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাঙ্গা নির্বাহী অফিসার আজীম উদ্দিন, সহকারী কমিশনার মাসুদুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসাম মিরন, সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজাসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ভাঙ্গা-মাওয়া রেল জংশন সরজমিনে পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে ফিরে যান।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরিদপুর সফর উপলক্ষে সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সেমিনার কক্ষেএকটি বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার,জেলা পরিষদের চেয়ারম্যানসহ জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা এনএসআই এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, র্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমাণ্ডার কেএম শাইখ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন, পিপিএম, জেলা আনসার ও ভিডিপির কমাণ্ড্যান্ট নাদিরা ইয়াসমিন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। প্রথম ধাপে আগামী ১০ সেপ্টেম্বরে খুলবে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা অংশের ৮২ কিলোমিটার। ভাঙ্গার দৃষ্টিনন্দন স্টেশনটিতে থাকছে আধুনিক সকল সুব্যবস্থা। যাত্রী পারাপারে থাকছে আন্ডারপাসও। দৃশ্যমান হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা রেল জংশন। জংশনে নির্মাণ হয়েছে ১৪টি বিল্ডিং। অচিরেই চালু হচ্ছে মাওয়া, শিবচর,পদ্মা ও ভাঙ্গা রেলস্টেশন।
তবে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক (ট্রায়াল রান) ৭টি বগি নিয়ে গত ৭ সেপ্তম্বর সকালে প্রথম যাত্রা করেছিল রেল। সেদিন প্রথম যাত্রায় ৮২ কিলোমিটার পথ পাড়ি দেয় এবং রেল যাত্রায় ছিলেন রেলমন্ত্রী, গণমাধ্যম কর্মী ও রেলের উর্ধ্বতন কর্মকর্তারা। তবে যশোর পর্যন্ত ট্রেন সেবা পেতে ২০২৪ সালের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক সূত্রে জানা গেছে। এদিকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করতে আসছেন এমন খবরে উচ্ছ্বসিত ফরিদপুরবাসী ও পদ্মার দুই পারের বাসিন্দারা।

Comments
No comments
Add a comment: