নোয়াখালীর হাতিয়ায় বিএনপি-এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত ২১, ভাঙচুরের অভিযোগ

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে বিএনপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির একটি কার্যালয়, কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান, মোটরসাইকেলসহ কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে এ ঘটনা চলে। আহতদের মধ্যে বিএনপির কর্মী আকবর, হেলাল, রিয়াদ, জাহের, হক সাহেব ও লুবনা আক্তারসহ উভয় পক্ষের নেতাকর্মীরা রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজারে যান। সেখানে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেন। বক্তব্য শেষে ফেরার পথে প্রকল্প বাজার এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপির কার্যালয়, কয়েকটি দোকান ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরে এমপি তার সমর্থকদের নিয়ে সড়কে অবস্থান নেন।
সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, প্রকল্প বাজার থেকে ক্ষতিগ্রস্তদের দেখে ফেরার পথে স্থানীয় বেলাল নামে একজনের নেতৃত্বে তার গাড়িবহরের পেছন থেকে হামলা চালানো হয়। তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
অন্যদিকে, চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান দাবি করেন, এমপির বক্তব্যকে কেন্দ্র করে তার দলের নেতাকর্মীরা প্রথমে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। পরে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও মোটরসাইকেলে ভাঙচুর শুরু হলে স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় হামলায় তাদের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments
nobin
thanks
Add a comment: