নোয়াখালীর সুবর্ণচরে ছাত্রীকে নিয়ে উধাও প্রধান শিক্ষক, ক্ষোভে মাদরাসায় আগুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী সাবেক এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ওই মাদরাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে বুধবার (১৪ জানুয়ারি) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায় আগুন দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান (৩৫) ফিরোজপুর জেলার বাসিন্দা এবং তিনি সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী ছাত্রীটি ওই মাদরাসার সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে সদর উপজেলার নুরু পাটোয়ারীহাট মাদরাসার ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। মাদরাসায় অধ্যয়নকালে প্রধান শিক্ষকের সঙ্গে ছাত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। গত ৭ জানুয়ারি প্রধান শিক্ষক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাদরাসায় তখন কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় ভুক্তভোগী পরিবার সুধারাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অগ্নিসংযোগের বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ছাত্রীটি তার পরিবারের হেফাজতে রয়েছে।

Comments
nurunnabi nobin
Thanks
Add a comment: