নোয়াখালীতে ২০ জন হতদরিদ্র অসহায় তরুণ-তরুণীর যৌতুক বিহীন বিয়ে, ১০ হাজার মানুষের মেজবানি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ২০ জন হতদরিদ্র অসহায় তরুণ-তরুণীর যৌতুক বিহীন বিয়ে দেওয়া হয়েছে। এই বিয়েকে কেন্দ্র করে ১০ হাজার মানুষের মেজবানি খাবারের আয়োজন করা হয়।
শনিবার (৩১ ডিসেম্বর) দিন ব্যাপী উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের ভূঁঞা বাড়িতে মুসলিম রীতিতে তাদের বিয়ে দেওয়া হয়। এরপর বরের হাতে স্বাবলম্বী হওয়ার জন্য ৫০ হাজার টাকা ও কনের গলায় আট আনা স্বর্ণের চেইন পরিয়ে দেওয়া হয়।
পুরো আয়োজনের অর্থায়ন করেন সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা, বিজিএমই পরিচালক এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আবদুল্লাহ হিল রাকিব।
বিয়ে উপলক্ষে সেনবাগ অর্জুনতলা ইউনিয়নের দৌলতপুর গ্রামে সাজ সাজ রব বিরাজ করে। আনন্দ-উৎসবের কোনো কমতি ছিল না পুরো আয়োজনে। বিয়ের এক দিন আগে বিতরণ করা হয় বর-কনের সাজের কাপড়সহ ফুল সাজানির জিনিসপত্র। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাওয়ানো হয় বর-কনের আত্মীয় স্বজনসহ প্রায় ১০ হাজার মানুষকে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এমন বিয়ে আগে কখনো দেখিনি। আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ এসেছে। আবদুলৃলা হিল রাকিব আগে থেকেই এলাকায় বিভিন্ন সময় দান-অনুদান দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার ২০ জন অসহায় তরুণ-তরুণীর বিয়ে দিয়ে নতুন ইতিহাস গড়লেন সেনবাগ উপজেলায়।
অর্জুনতলা ইউনিয়নের কাজী বেলাল হোসেন বলেন, ২০ জন অসহায় বর-কনের গণবিয়ে নোয়াখালীতে এবারই প্রথম। যার ফলে আয়োজক আবদুল্লাহ হিল রাকিব দুনিয়া ও আখিরাতে লাভবান হবেন। বিয়ে পড়াতে আসা মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, এক বিয়ে পড়িয়েছি অসংখ্য। কিন্তু একসাথে ১০টি বিয়ে পড়ানো আমার জীবনে প্রথম অভিজ্ঞতা।
এ বিষয়ে গণবিয়ের এবং ঐতিহাসিক মেজবানের আয়োজক আবদুল্লাহ হিল রাকিব বলেন, সামাজিক মূল্যবোধ ও দায়বদ্ধতা থেকেই এই আয়োজন করা হয়েছে। আল্লাহ কাউকে সামর্থ্য দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন তার দায়িত্ব হলো যাকে আল্লাহ সামর্থ্য দেননি তাকে সাহায্য করা। আমি নিয়ত করেছি আগামীতেও আমাদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা করে যাব।
এ সময় টিম গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) নূর-ই সাইফুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

Comments
Nobin
Thanks
Add a comment: