নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাদিয়া একই গ্রামের মিন হাজী বাড়ির সৌদি প্রবাসী নাহিদ হাছানের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হয় নাদিয়া। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Comments
nobin
thanks
Add a comment: