টাঙ্গাইলে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা হাকিমপুর এলাকায় ট্রেনে কাটা অবস্থায় এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ওই এলাকার একটি নির্জন স্থান থেকে প্রায় ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, দুপুর ১টা থেকে ২টার মধ্যে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহটি দেখতে পায়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হারুন অর রশিদ ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এসআই হারুন অর রশিদ আরও জানান, মৃত নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments
No comments
Add a comment: