চৌদ্দগ্রামে চোরাই টিউবওয়েল সহ চোরচক্রের ২ সদস্য আটক।

চৌদ্দগ্রামে চোরাই টিউবওয়েলসহ চোরচক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের মো. কামালের ছেলে মো. সাগর ও শুভপুর ইউনিয়নের যশপুর ইঞ্জিনিয়ার বাড়ির মৃত আবদুল কাদেরের ছেলে মো. শাহজাহান।
১৪ জানুয়ারি রোববার এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা। চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন জানান, মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের ছালমা বেগম শনিবার রাতে ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে ঘর থেকে বের হয়ে দেখেন একই গ্রামের সাগর তাদের টিউবওয়েল নিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক চিৎকার করলে আশ-পাশের লোকজন এসে টিউবওয়েলসহ সাগরকে আটক করে। পরে ঘটনাটি থানায় অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সাগরকে আটক করে। এ সময় চুরি যাওয়া অপর দুইটি টিউবওয়েলের মালিক একই গ্রামের ডা. আলতাফ উল ইসলাম ও মনির হোসেন ওই বাড়িতে উপস্থিত হয়ে অভিযোগ জানালে পুলিশের সামনে আটকৃত সাগর গত শুক্রবার রাতে দুইটি টিউবওয়েল চুরি করে মুন্সিরহাট বাজারে মো. শাহজাহানের ভাঙারি দোকানে বিক্রয়ের কথা স্বীকার করে। পুলিশ তাৎক্ষণিক ওই ভাঙারি দোকানে অভিযান চালিয়ে দুইটি টিউবওয়েল উদ্ধারসহ শাহজাহানকে আটক করে।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments
No comments
Add a comment: