কুমিল্লায় মাদরাসার টয়লেট থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লা নগরীর একটি মাদরাসা থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ নভেম্বর বুধবার রাতে নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার টয়লেট থেকে তাওহীদ হোসেন (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। সে ওই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
তাওহীদ জেলার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার রামরায় গ্রামের খোরশেদ আলমের একমাত্র ছেলে। পুলিশ জানায়, বুধবার রাতে মাদরাসার টয়লেটে ভেন্টিলেটরের সঙ্গে তাওহীদের ঝুলন্ত লাশ দেখতে পায় এক ছাত্র। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মাদরাসার পরিচালক নজির আহমেদ ফাহিম বলেন, ছেলেটি আত্মহত্যা করেছে। আমরা তাকে হত্যা করবো কেন? তাকে মারলে মাদরাসার অন্যান্য ছাত্রদের তো দেখার কথা। তবে তিনি আত্মহত্যার কারণ জানাতে পারেননি।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম সাংবাদিকদের জানান, মাদরাসার ছাত্র তাওহীদ হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে মাদরাসার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

Comments
No comments
Add a comment: