‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’, ফিফার কড়া সমালোচনায় ফিলিপ লাম
বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম।
তার মতে, বিশ্বকাপ ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখানে অর্থনৈতিক স্বার্থ ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে।জার্মান সংবাদপত্রে প্রকাশিত এক কলামে লাম বলেন, “বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে, যা ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করছে। এর ফলে সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে। ফিফা ও বিশ্বকাপকে এখন আলাদা করে দেখা সমর্থকদের জন্য কঠিন হয়ে উঠছে।”বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই জার্মান ডিফেন্ডার। তিনি অভিযোগ করেন, প্রকৃত চাহিদা সম্পর্কে সঠিক তথ্য না দিয়ে সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আয় বাড়ানোর চেষ্টা করছে ফিফা।এবারই প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজন করা হচ্ছে বিশ্বকাপ। সম্প্রসারিত এই আসরকে স্বাগত জানালেও প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের সঙ্গে একমত নন লাম। তার মতে, একটি বিশ্বকাপের দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত করতে যথেষ্ট প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রম প্রয়োজন।তবে ৪৮ দলের বিশ্বকাপ নিয়ে ইতিবাচক দিকও দেখছেন তিনি। লামের মতে, এর ফলে স্কটল্যান্ড, ডিআর কঙ্গো কিংবা কেপ ভার্দের মতো দলগুলোর জন্য বিশ্বমঞ্চে নিজেদের গল্প লেখার নতুন সুযোগ তৈরি হয়েছে।
ফিফার নীতিমালা ও বিশ্বকাপের বাণিজ্যিক দিক নিয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

Comments
No comments
Add a comment: