‘প্রেশার কুকার’ নিয়ে লন্ডনে উড়াল দেবেন রায়হান রাফি
ঈদে মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আলোচিত সিনেমা 'প্রেশার কুকার' এবার আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হতে যাচ্ছে।
সিনেমাটি নির্বাচিত হয়েছে ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’ এর নবম আসরে, যেখানে আগামী ২২ এপ্রিল যুক্তরাজ্যে এর ইউকে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর কারণে সিনেমাটিকে এই মর্যাদাপূর্ণ উৎসবে স্থান দেয়া হয়েছে। বাংলা ভাষার চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে, যেখানে প্রতি বছর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্বাচিত সিনেমা প্রদর্শিত হয়। সিনেমাটির প্রদর্শনীতে উপস্থিত থাকবেন পরিচালক রায়হান রাফি।
তিনি বলেন, ‘সিনেমাটি আর্টিস্টিক ধাঁচের হওয়ায় ফেস্টিভ্যাল দর্শকদের কাছে ভালো সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।’ পাশাপাশি দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি এখনো ভালোভাবে চলছে বলেও উল্লেখ করেন তিনি। স্বল্পসংখ্যক হলে মুক্তি পেলেও ‘প্রেশার কুকার’ ইতোমধ্যে দর্শকমহলে আলোচনা তৈরি করেছে। বর্তমানে সিনেমাটি অস্ট্রেলিয়া-তে মুক্তি পেয়েছে এবং শিগগিরই উত্তর আমেরিকাসহ বিশ্বের আরও বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Comments
No comments
Add a comment: