‘চাপের কারণে অশালীন গান গাইতে হয়েছিল’—কুমার শানু

নব্বইয়ের দশকের বলিউডে একের পর এক জনপ্রিয় রোমান্টিক গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন কুমার শানু।
তবে ক্যারিয়ারের সেই সোনালি সময়ের কিছু অন্ধকার অভিজ্ঞতা এবার প্রকাশ্যে আনলেন এই কিংবদন্তি গায়ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার শানু দাবি করেছেন, ক্যারিয়ারের শীর্ষ সময়ে তাকে অশালীন গান গাওয়ার জন্য ইন্ডাস্ট্রির প্রভাবশালী মহল ও কথিত ‘মুভি মাফিয়া’র চাপের মুখে পড়তে হয়েছিল। গায়ক জানান, গানে অশ্লীলতা না রাখার বিষয়ে তার ব্যক্তিগত একটি নীতি ছিল। কিন্তু সবসময় নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলার সুযোগ পাওয়া যায়নি।
প্রবল চাপের কারণে কখনো কখনো নিজের অনিচ্ছার বিরুদ্ধেও গান গাইতে হয়েছে বলে দাবি করেন তিনি। কুমার শানু বলেন, এমন এক-দুইটি পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে গান গাইতে অস্বীকৃতি জানালে কাজের পরিবেশ আরও জটিল হয়ে যেতে পারত। নিজের গাওয়া ‘রাজ গায়া তবলা তবেলে মে’ গানটির কথাও উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। নিজের নীতিতে অটল থাকার কারণে পেশাগত ও আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বলেও জানান কুমার শানু। তার দাবি, অনেক কাজ হাতছাড়া হলেও নিজের বিশ্বাস ও নীতির সঙ্গে আপস করেননি।
কুমার শানুর ভাষায়, কাজ কমে গেলেও তিনি নিজের পছন্দের বাইরে গিয়ে গান করতে চাননি। এ কারণে যে ক্ষতির মুখে পড়েছেন, তা নিয়ে এখন তার কোনো আফসোস নেই। নব্বইয়ের দশকে ‘আশিকি’, ‘সাজন’সহ একাধিক জনপ্রিয় সিনেমার গান দিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন কুমার শানু।
তার কণ্ঠের রোমান্টিক গান এখনো শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

Comments
No comments
Add a comment: