শুভ জন্মদিন শাকিব খান

কালের চোরা শ্রোতে ঢাকাই সিনেমার অনেক কিছুই হারিয়ে গেছে! কিন্তু গত দুই যুগের ক্যালেন্ডারে বহাল তবিয়তে একজন! তিনি শাকিব খান। আজ (২৮ মার্চ) এই ঢালিউড সুপারস্টারের জন্মদিন।
১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে মাসুদ রানা হিসেবে জন্মগ্রহণ করেন শাকিব খান। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়।
১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে শাকিব খানের। সিনেমাটি খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন। তবে এই বছরই আফতাব খান টুলু পরিচালিত তার প্রথম চুক্তিবদ্ধ হওয়া সবাইতো সুখী হতে চায় চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন। এতে তার বিপরীতে ছিল আরেক নবাগতা কারিশমা শেখ।

ঢাকাই সিনেমার ক্যারিয়ার ২৩ বছর হলেও রাজার হালে ১৫ বছরের বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে সিংহাসনে বসে আছেন শাকিব খান। ব্যবসায়িক সাফল্য থেকে হলে হলে উপচেপড়া ভিড় দেখা যায় এই নায়কের ছবিতে। এ জন্য প্রযোজক-পরিচালকের কাছে ভরসার স্থল শাকিব। তিনি থাকলেই যেন ছবি হিট! তাকে ভালোবেসে কেউ কেউ ঢালিউড কিং, কেউ বলেন ভাইজান, সুপারস্টার। অনেক নতুন মুখ আসে, আবার হারিয়েও যাচ্ছে। কিন্তু শাকিব বহালতবিয়তে রাজার আসনে বসে আছেন বাংলা ছবির নায়কদের রাজত্বে। এই যে চলচ্চিত্রের মন্দার বাজার, তবুও তিনি আশা জাগাতে পারেন। এটাই শাকিবের সবচেয়ে বড় ক্যারিশমা। শত বাধা-বিপত্তি টপকে শাকিব হাল ধরে আছেন ইন্ডাস্ট্রির। সমসাময়িক প্রায় সব প্রবীণ-নবীন নির্মাতার সঙ্গেই কাজ করেছেন তিনি।

অভিনয় করেছেন কালজয়ী নায়িকা মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমা থেকে শুরু করে আজকের নবাগতা কয়েকজন নায়িকার সঙ্গেও। পাশাপাশি যৌথ প্রযোজনা ও কলকাতার লোকাল প্রডাকশনের ছবি করে শাকিব বাংলাদেশের সুনাম অর্জন করেছেন পশ্চিমবঙ্গেও। এ কারণে তাকে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশি মেগাস্টার বলে সম্বোধন করা হয়। তিনি অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী, শ্রাবন্তী, সায়ন্তিকা, স্বস্তিকাদের নায়ক হয়ে। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘ খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। এ ছাড়া তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়ে নিজেকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। বর্তমানে প্রায় হাফ ডজন সিনেমায় তিনি অভিনয় করবেন বলে ঘোষণা আছে। তবে সেগুলোর কাজ কবে কখন শুরু হবে সেটা জানা নেই। আর আসছে ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘লিডার’ সিনেমাটি।

এদিকে শাকিব খান বর্তমানে বিতর্কের মুখে রয়েছেন অস্ট্রেলিয়ান এক প্রযোজকের বেশকিছু অভিযোগের জন্য। ওই প্রযোজক নায়কের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো, এক নারী সহপ্রযোজককে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে শাকিব সেসব অভিযোগ অস্বীকার না করলেও চুপ করে বসে নেই। তিনি রহমত উল্লাহ নামের ওই প্রযোজকের বিরুদ্ধে এরই মধ্যে চাঁদাবাজি ও হত্যার হুমকিতে একটি এবং ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেছেন।
এসব মামলা-অভিযোগ সরিয়ে আমেরিকার নাগরিকত্ব পাওয়া চিত্রনায়ক শাকিব খান জন্মদিনটা কাটাবেন পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে। দুই পুত্র আবরাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটাবেন বলে জানা গেছে। থাকবে পারিবারিক কিছু আয়োজন।

Comments
No comments
Add a comment: