শিল্পী সমিতির নির্বাচন শুরু, ভোট দিচ্ছেন চলচ্চিত্র তারকারা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি রাখা হয়েছে।এবারের নির্বাচনে মোট ভোটার ৫৭৩ জন। নির্বাচনকে ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এক মাস ধরে প্রার্থীদের প্রচারণা ও সমর্থকদের আনাগোনায় সরগরম ছিল পুরো এলাকা।এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। একদিকে সভাপতি-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা শানু ও জয় চৌধুরী।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।এদিকে নির্বাচন-পরবর্তী যেকোনো আপিল নিষ্পত্তির জন্য গঠিত আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Comments
No comments
Add a comment: