রাজনীতি থেকে দূরে সরে অভিনয়ে মন দিতে চান দেব

তৃণমূল কংগ্রেসের হাত ধরে ২০১৪ সালে রাজনীতিতে যোগ দেন টালিউড অভিনেতা দেব।
এক দশকের বেশি সময় সাংসদ হিসেবে দায়িত্ব পালনের পর এবার রাজনীতি থেকে কিছুটা দূরে সরে অভিনয়ে বেশি মনোযোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপির জয়কে অভিনন্দন জানান সাবেক এই সাংসদ। ফেসবুকে দেওয়া এক পোস্টে দেব লেখেন, “বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ায় বিজেপিকে অভিনন্দন। আমি আশা করি, নতুন সরকার রাজ্যের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য কাজ করবে এবং মানুষের মতামতের যথাযথ মূল্যায়ন করবে।” একই পোস্টে বাংলা চলচ্চিত্র শিল্প নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। দেব বলেন, বাংলা চলচ্চিত্র অঙ্গনে বিভাজন ও নিষেধাজ্ঞার সংস্কৃতি দূর করে ঐক্য ও সৃজনশীলতার পরিবেশ বজায় রাখা জরুরি। তার ভাষায়, চলচ্চিত্র বাংলার অন্যতম বড় পরিচয় এবং এর উন্নতি পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমেই সম্ভব। নিজের নির্বাচনী এলাকা ঘাটালের উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন দেব।
তিনি জানান, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে নতুন সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন। এটি ঘাটালের মানুষের দীর্ঘদিনের দাবি বলেও উল্লেখ করেন তিনি। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, দলের পরাজয়ে কষ্ট পেলেও রাজ্যের রাজনৈতিক পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন দেব। তার মতে, নতুন পরিস্থিতিতে চলচ্চিত্র শিল্পে কাজের পরিবেশ আরও স্বাভাবিক হবে। দেব বলেন, “ইন্ডাস্ট্রিতে আর কাউকে ‘ব্যান’ করা যাবে না। প্রযোজকদের ওপর অযথা চাপও কমবে। এতে কাজের পরিমাণ বাড়বে এবং বাইরের কাজও আসবে।”
এ সময় তিনি আরও বলেন, “রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না। আগের মতো অভিনয়েই মন দিতে চাই। সেটাই সবসময় করে এসেছি।” তিনি জানান, চলচ্চিত্র অঙ্গনের উন্নয়নে সবসময় কাজ করেছেন এবং ভবিষ্যতেও ইন্ডাস্ট্রির ভালো চাওয়া মানুষদের পাশে থাকবেন। তবে তৃণমূলের পরাজয়ের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন, আবার কেউ কেউ চান তিনি শুধুই অভিনয়ে মনোযোগ দিন। বিশ্লেষকদের মতে, সমালোচনার বড় অংশটি ‘রাজনীতিক দেব’-কে কেন্দ্র করে হলেও ‘অভিনেতা দেব’ এখনো দর্শকদের কাছে সমান জনপ্রিয়।

Comments
No comments
Add a comment: