রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে ৪ দিনের আয়োজন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর–এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৮ থেকে ১১ মে পর্যন্ত চার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হবে জাতীয় নাট্যশালা মিলনায়তনে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ৮ মে বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি–এর মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
এদিন সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রসংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হবে। ৯ মে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। এদিনও সংগীত, নৃত্য ও আবৃত্তির আয়োজন থাকবে। ১০ মে বিকেল ৫টায় তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই দিন জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২ এ চারুকলা বিভাগের আয়োজনে ‘রবির চিত্র চিত্রে রবী’ শীর্ষক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করা হবে।
প্রদর্শনী চলবে ২৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। ১১ মে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী। আলোচনা শেষে নাট্যদল প্রাচ্যনাট মঞ্চস্থ করবে অচলায়তন। নাটকটির নির্দেশনায় থাকবেন আজাদ আবুল কালাম। এছাড়া দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতেও কবিগুরুর স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজনে অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত থাকবে।

Comments
No comments
Add a comment: