ভিনিসিয়ুসের তিন ম্যাচে তিন গোল, ইতিহাস কি ব্রাজিলকে দিচ্ছে বিশ্বকাপ জয়ের ইঙ্গিত?

ব্রাজিলের নতুন তারকা ভিনিসিয়ুস জুনিয়র যেন থামতেই জানেন না।
কোচ কার্লো আনচেলত্তি-র অধীনে দুর্দান্ত ছন্দে থাকা এই ফরোয়ার্ড ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন। সর্বশেষ স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই জোড়া গোল করে আবারও নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দিয়েছেন তিনি। তবে ভিনিসিয়ুসের এই ধারাবাহিক গোলের পেছনে ফুটবল ইতিহাসের একটি চমকপ্রদ পরিসংখ্যানও সামনে এসেছে। বিশ্বকাপ ইতিহাসে যখনই কোনো ব্রাজিলিয়ান ফুটবলার গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন, তখনই ব্রাজিল শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপা জিতেছে।
১৯৭০ বিশ্বকাপে জাইরজিনিও গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন। সেই আসরে ব্রাজিল হয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন। ১৯৯৪ সালে একই কীর্তি গড়েন রোমারিও, আর সেবারও শিরোপা ওঠে ব্রাজিলের হাতে। ২০০২ বিশ্বকাপে রোনালদো এবং রিভালদো দুজনই গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করেছিলেন। ফলাফল ছিল ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়। এবার ২০২৬ বিশ্বকাপে সেই তালিকায় যোগ হয়েছে ভিনিসিয়ুস জুনিয়র-এর নাম। ফলে ফুটবলপ্রেমীদের মনে নতুন করে প্রশ্ন জাগছে—ইতিহাস কি আবারও ব্রাজিলের পক্ষে কথা বলছে?
অবশ্য পরিসংখ্যান কখনোই ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না। তবুও অতীতের এই ধারাবাহিকতা ব্রাজিল সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছে। এখন দেখার বিষয়, ভিনিসিয়ুস কি জাইরজিনিও, রোমারিও, রোনালদো ও রিভালদোর পথ অনুসরণ করে ব্রাজিলকে আরেকটি বিশ্বকাপ শিরোপা এনে দিতে পারেন কি না।

Comments
No comments
Add a comment: