ভারতের ভূখণ্ডে রাজনৈতিক কার্যক্রমের অনুমতি নেই শেখ হাসিনার
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ বর্তমানে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।
দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভায় উপস্থাপিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। অন্য কোনো দেশের বিরুদ্ধে ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না দেওয়ার যে নীতি দীর্ঘদিন ধরে অনুসরণ করা হচ্ছে, এ ক্ষেত্রেও একই নীতি কার্যকর রয়েছে। এ ছাড়া ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটি এ ধরনের সংবেদনশীল বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক দায়বদ্ধতা এবং প্রচলিত আইন অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।
লোকসভায় উপস্থাপিত প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মতো ভারত সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ তাদের বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে নেওয়া হবে কিংবা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে, সে সম্পর্কে প্রতিবেদনে কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। ভারত সরকারের এ অবস্থানকে ঘিরে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Comments
No comments
Add a comment: