বাংলাদেশ থেকে চীনের ফ্যাশন দুনিয়ায়, শেখ ফরিদ পলক

ছোট পর্দা থেকে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজের অবস্থান শক্ত করছেন অভিনেতা ও মডেল শেখ ফরিদ পলক।
সম্প্রতি চীনের একটি ঐতিহ্যবাহী ফ্যাশন ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ শিল্পী।২০১৮ সালে অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন পলক। এরপর চলচ্চিত্র, বিজ্ঞাপন, টেলিভিশন নাটক, ধারাবাহিক নাটক এবং ফ্যাশন মডেলিংয়ে ধারাবাহিকভাবে কাজ করে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন তিনি। এর আগে Timeless Waltz-এ অভিনয় করে আলোচনায় আসেন।
সম্প্রতি চীনের ফুজিয়ান প্রদেশের ঐতিহাসিক শহর সেনজোতে একটি বিশেষ ফ্যাশন ফটোশুটে অংশ নেন পলক। শত বছরের ঐতিহ্যবাহী স্থাপনাকে ঘিরে আয়োজিত এই ফটোশুটে তাকে চীনের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। আধুনিকতা ও ঐতিহ্যের সমন্বয়ে নির্মিত এই কাজটি ইতোমধ্যেই সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে।
জানা গেছে, চীনা ফ্যাশন কোরিওগ্রাফার জোজো চেন এমন একজন মডেল খুঁজছিলেন, যার মধ্যে বৈচিত্র্য, ব্যক্তিত্ব এবং ভিন্ন সাংস্কৃতিক পরিচয়ের উপস্থিতি রয়েছে। সেই অনুসন্ধানেই তাদের নজরে আসেন শেখ ফরিদ পলক চীনে কাজের অভিজ্ঞতা নিয়ে পলক বলেন, একজন বাংলাদেশি মডেল হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য গর্বের বিষয়। তিনি মনে করেন, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি সুযোগ।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি দেশের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড, ক্যাম্পেইন এবং বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন পলক। ভবিষ্যতে চীনের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের নতুন প্রকল্পেও তাকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।দেশীয় বিনোদন অঙ্গন থেকে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে শেখ ফরিদ পলকের এই যাত্রা তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠছে।

Comments
No comments
Add a comment: