ফজলুর রহমানের মন্তব্যে সংসদে তুমুল উত্তেজনা

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার বিকেলে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না। তার এই মন্তব্যের পরপরই বিরোধী দলীয় সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং সংসদে হট্টগোল শুরু হয়।
অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।
হট্টগোলের মধ্যেই ফজলুর রহমান তার বক্তব্য পুনরায় জোর দিয়ে বলেন, যদি কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াতের সঙ্গে যুক্ত হন, তবে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত।
এ সময় তিনি আরও মন্তব্য করেন, মুক্তিযুদ্ধের সঙ্গে এক মাসের গণঅভ্যুত্থানকে তুলনা করা হলে তা মুক্তিযুদ্ধের গুরুত্বকে খাটো করে। এমন পরিস্থিতিতে তিনি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছেন বলেও উল্লেখ করেন।
এছাড়া বিরোধী দলীয় নেতার সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের আমির নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি করলেও এ বিষয়ে তার সন্দেহ রয়েছে। তার এই বক্তব্যের পর সংসদে উত্তেজনা আরও বেড়ে যায়।
পরবর্তীতে বিরোধী দলীয় নেতা ফ্লোর নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের জবাব দেন এবং স্পিকারের কাছে উক্ত মন্তব্যগুলো সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান।

Comments
No comments
Add a comment: