পাকিস্তানের চেয়ে ভালো পেস ইউনিট বাংলাদেশে: শান্ত
ঐতিহ্যগতভাবে স্পিননির্ভর দল হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে পেস বোলিং বিভাগে উল্লেখযোগ্য উন্নতি করেছে বাংলাদেশ দল।
প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলতে সক্ষম হচ্ছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। এই প্রেক্ষাপটে পাকিস্তানের চেয়ে নিজেদের পেস আক্রমণকে এগিয়ে রাখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট। স্পোর্টিং উইকেটের কথা মাথায় রেখে পাঁচজন পেসার নিয়ে দল সাজিয়েছে পাকিস্তান। সফরকারীদের পেস আক্রমণে রয়েছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, খুররম শাহজাদ ও আমাদ বাট।
অন্যদিকে বাংলাদেশের স্কোয়াডে আছেন চারজন পেসার—তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন চৌধুরী। ২০২৪ সালের ডিসেম্বরের পর আবার টেস্ট খেলতে ফিরছেন তাসকিন। পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আছেন নাহিদ রানা। শরিফুল ইসলাম ও ইবাদত হোসেনও আছেন ভালো ফর্মে। সব মিলিয়ে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে দুই দলের পেস আক্রমণ নিয়ে তুলনায় নিজেদের এগিয়ে রাখার কথা জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

Comments
No comments
Add a comment: