নোয়াখালীতে ভোট নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি: ৭ বাহিনীর ১৬ হাজারের বেশি সদস্য মোতায়েন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনের ৮৭৫টি ভোটকেন্দ্রকে ঘিরে জোরদার নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নির্বাচনী দায়িত্বে সাতটি আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১৬ হাজার ৩৭৯ জন সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলার সব আসনে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সন্তোষজনক রয়েছে। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ছয়টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসার বাহিনী। বাহিনীভিত্তিক সদস্যসংখ্যা হলো—সেনাবাহিনী ৭০০, বিজিবি ২৫০, পুলিশ ২ হাজার ৬৫০, র্যাব ১০০, নৌবাহিনী ২৪০, কোস্টগার্ড ১ হাজার ৬৪ এবং আনসার ১১ হাজার ৩৭৫ জন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কেন্দ্রের গুরুত্ব ও ঝুঁকি বিবেচনায় সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল হওয়ায় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে পুলিশ ও আনসারের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা দায়িত্ব পালন করবেন। অন্য পাঁচটি আসনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী ব্যবস্থাপনায় জেলা রিটার্নিং কর্মকর্তার অধীনে ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজ করছেন। পাশাপাশি মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণ পরিচালনার জন্য ৮৭৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫ হাজার ৬০৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ১১ হাজার ২১৮ জন পোলিং কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ছয়টি আসনের ৯টি উপজেলায় ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার বিকেলের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম সরবরাহ সম্পন্ন হবে। ব্যালট পেপার ও ভোটের বাক্সের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জেলার আটটি পৌরসভা ও ৯১টি ইউনিয়ন নিয়ে মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ৬৭ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৬ হাজার ৩৮০, নারী ভোটার ১৩ লাখ ৭১ হাজার ২৪৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৪ জন। জেলায় মোট ৮৭৫টি ভোটকেন্দ্র ও ৫ হাজার ৬০৯টি ভোটকক্ষ রয়েছে।
প্রার্থীসংখ্যার দিক থেকে নোয়াখালী-৫ আসনে সর্বোচ্চ ১২ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। নোয়াখালী-৬ আসনে ১০ জন, নোয়াখালী-১, ৩ ও ৪ আসনে ৭ জন করে এবং নোয়াখালী-২ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রশাসন আশা করছে, কঠোর নিরাপত্তা ও সমন্বিত তৎপরতার মাধ্যমে জেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।

Comments
Nobin
Thanks
Add a comment: