গেম খেলে না, কিন্তু গেমে তার কণ্ঠ! ভয়েস জাদুকর ইরফান রহমান

পুরান ঢাকার কিশোর ইরফান রহমান আজ কণ্ঠ দিয়েই জয় করছেন হাজারো গেমার হৃদয়।
গারেনা ফ্রি ফায়ার-এর মতো প্ল্যাটফর্মে কাজ করে তিনি হয়ে উঠেছেন ভয়েস ওভারের নতুন সেনসেশন। কারও গেমিং আসক্তি থাকে খেলায়, কারও সাফল্য গেমের ভেতরে। কিন্তু ইরফান রহমান একেবারে ব্যতিক্রম। গেম খেলেন না, অথচ গেমের চরিত্রগুলো কথা বলে তার কণ্ঠে! পুরান ঢাকার ১৮ বছর বয়সী এই তরুণ এখন ভয়েস আর্টিস্ট হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।পুরান ঢাকার স্থানীয় ছেলে ইরফান রহমান। বয়স মাত্র ১৮। পড়াশোনার পাশাপাশি পেশাগতভাবে কণ্ঠ দেন বিভিন্ন কার্টুন, বিজ্ঞাপন, ও ডকুমেন্টারিতে। তার কণ্ঠ কখনো হাস্যকর শেয়াল, কখনো হিংস্র বাঘ, কখনো সাইকো কিলার বা ১০ বছরের পিচ্চি ছেলে! তবে কণ্ঠসাধনার এই যাত্রা শুরু হয়েছিল একেবারে ঘরোয়া পরিবেশে—মায়ের বকা হুবহু নকল করে! “আম্মু যখন বকতো, আমি ঠিক সেই টোনেই নকল করতাম। আয়নার সামনে দাঁড়িয়ে নায়কদের ডায়লগ বলতাম। তখন থেকেই স্বপ্ন ছিল অভিনেতা হবার,” বলেন ইরফান।
একদিন ফেসবুকে দেখতে পান একটি পোস্ট— ভয়েস আর্টিস্ট খোঁজা হচ্ছে। সাহস করে নিজের ফোন দিয়ে কম্বলের নিচে গিয়ে রেকর্ড করেন ভয়েস। ইমেইলে পাঠিয়ে দেন সেই ক্লিপ। কয়েকদিন পরই আসে কল— “আপনি সিলেক্টেড।” “মা প্রথমে কলটা ধরেছিলেন, কিছুই বুঝতে না পেরে রেখে দিয়েছিলেন। পরে যখন আমি কল ধরি, তখন বুঝতে পারি আমার স্বপ্নের পথচলা শুরু হয়েছে,” বলেন ইরফান। এরপর শুরু হয় তার পেশাগত ভয়েস ওভার ক্যারিয়ার। একের পর এক কাজ, এবং হঠাৎই সুযোগ আসে গারেনা ফ্রি ফায়ার-এর মতো আন্তর্জাতিক গেমিং প্ল্যাটফর্মে।
যেখানে তিনি ভয়েস দিয়েছেন গেমের জনপ্রিয় চরিত্র ম্যাক্সিম, ইগনিস, ফ্লেইমি ও অস্কার-এর মতো রোলে। ❝আমি গেম খেলি না, আসলে খেলাধুলা বা ভার্চুয়াল জগতে আমার তেমন টান নেই। কিন্তু যখন জানলাম এই চরিত্রগুলোতে আমার কণ্ঠ ব্যবহার করা হবে, তখন বিশ্বাসই হচ্ছিল না,”— বলেন ইরফান। সেই কণ্ঠ এখন বাজছে ফ্রি ফায়ার ইভেন্ট ভিডিও, প্রোমো ও গেমিং কমিউনিটির নানা কনটেন্টে। তরুণদের কাছেও ইরফান এখন এক ‘ভয়েস আইকন’।

ইরফান নিজেকে ভবিষ্যতে দেখতে চান বড় পর্দায়—ওটিটি, ওয়েব সিরিজ ও সিনেমায়। শুধু কণ্ঠ নয়, ক্যামেরার সামনে নিজেকে তুলে ধরতে প্রস্তুত তিনি। “আমি শেখার জন্য প্রস্তুত। পর্দায় আসতে চাই নিজের সর্বোচ্চ দিয়ে। মানুষের মনে জায়গা করতে চাই—এটাই আমার লক্ষ্য,” — বলেন ইরফান। কম্বলের নিচে মোবাইলে ভয়েস রেকর্ড করে যাত্রা শুরু করা সেই কিশোর এখন গেমিং জগতের পরিচিত কণ্ঠস্বর। গেম না খেলেও, গেমের ভেতরে তিনি আছেন প্রাণ হয়ে। তাই তো তিনি— ভয়েস জাদুকর ইরফান রহমান।

Comments
No comments
Add a comment: