এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ
বাংলা চলচ্চিত্রের অবিস্মরণীয় অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ।
১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি অভিনেতা। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি তিনি মারা যান। তবে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়ের কর্মজীবনে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। শুধু অভিনেতা হিসেবেই নয়, চলচ্চিত্রের সহকারী পরিচালক, কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন এটিএম শামসুজ্জামান। ১৯৬১ সালে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে তার পথচলা শুরু। পরে ১৯৬৮ সালে ‘এতটুকু আশা’ সিনেমার মাধ্যমে অভিনেতা হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করেন।
শুরুতে কৌতুক চরিত্রে অভিনয় করলেও পরবর্তী সময়ে খলনায়কসহ নানা ধরনের চরিত্রে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখেন তিনি। ১৯৭৬ সালে আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খল চরিত্রে অভিনয়ের পর ব্যাপক পরিচিতি পান। এরপর ‘লাঠিয়াল’, ‘অশিক্ষিত’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘পদ্মা মেঘনা যমুনা’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেন। কৌতুক চরিত্রেও সমান জনপ্রিয় ছিলেন এটিএম শামসুজ্জামান। ‘ম্যাডাম ফুলি’, ‘চুড়িওয়ালা’ ও ‘মন বসে না পড়ার টেবিলে’সহ বিভিন্ন সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক পান তিনি। অভিনয়ের পাশাপাশি গল্প, চিত্রনাট্য লেখা ও পরিচালনাতেও অবদান রেখেছেন এই শিল্পী। ২০০৯ সালে ‘এবাদত’ সিনেমা পরিচালনা করেন তিনি। এটিএম শামসুজ্জামান আজ নেই। কিন্তু তার অভিনীত অসংখ্য চরিত্র ও চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সিনেমার দর্শকের মাঝে আজও বেঁচে আছেন এই কিংবদন্তি।

Comments
No comments
Add a comment: