ইংরেজি নববর্ষ ২০২৬-এ বারী দেওয়ান হৃদয়ের চমক—মিউজিক ভিডিও ‘তুমি ভাঙো’

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে নতুন মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী বারী দেওয়ান হৃদয়।
তাঁর নতুন গান ‘তুমি ভাঙো’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিক ও ভাবনায় নির্মিত, যা দর্শক-শ্রোতাদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। গানটি প্রকাশিত হবে বারী দেওয়ান হৃদয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে। ‘তুমি ভাঙো’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। গানের কথায় উঠে এসেছে সমকালীন অনুভব, প্রেম ও সম্পর্কের ভাঙাগড়ার সূক্ষ্ম প্রকাশ—যা লিখেছেন তরুণ কবি ও গীতিকার মাহবুব রহমান। গানটি প্রসঙ্গে বারী দেওয়ান হৃদয় বলেন, “‘তুমি ভাঙো’ আমার কাছে শুধু একটি গান নয়, এটি এক ধরনের আত্মকথন।
এখানে প্রেম, ভাঙন আর নীরবতার ভাষা একসঙ্গে মিশে আছে। সুর ও সংগীত করার সময় আমি চেষ্টা করেছি গানটিকে অনুভবের কাছাকাছি রাখতে।” গীতিকার মাহবুব রহমান জানান, “এই গানের কথায় আমি সম্পর্কের সেই মুহূর্তগুলো ধরতে চেয়েছি, যেখানে ভাঙনটা উচ্চারণের আগেই অনুভূত হয়। বারী দেওয়ান হৃদয়ের কণ্ঠ ও সুর গানের কথাকে নতুন মাত্রা দিয়েছে।”
মিউজিক ভিডিওটির পরিচালনায় রয়েছেন শাহারিয়ার দিবস। তিনি বলেন, গানটির ভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিওতেও চেনা গল্পের বাইরে গিয়ে ভিজ্যুয়াল ভাষা ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, বারী দেওয়ান হৃদয় একাধারে কণ্ঠশিল্পী, পিয়ানিস্ট ও মিউজিক কম্পোজার হিসেবে সংগীতাঙ্গনে নিয়মিত কাজ করে যাচ্ছেন। নতুন বছরের শুরুতে তাঁর এই ব্যতিক্রমী গান ও মিউজিক ভিডিও শ্রোতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Comments
No comments
Add a comment: