অভিনেতা শাফিউল রাজের জীবনের বিশেষ অধ্যায় ‘পরম্পরা’
দর্শকদের ভালোবাসায় ১০০তম পর্বের মাইলফলক স্পর্শ করেছে জনপ্রিয় ধারাবাহিক পরম্পরা।
আর এই বিশেষ মুহূর্তকে ঘিরে আনন্দ, স্মৃতি ও আবেগের নানা গল্প শেয়ার করলেন নাটকের জনপ্রিয় মুখ শাফিউল রাজ। শাফিউল রাজ জানান, ১০০তম পর্ব উদযাপনের অনুভূতি ছিল একেবারে পরিবারের উৎসবের মতো। দীর্ঘদিন একসাথে কাজ করতে করতে পুরো টিম এখন যেন একটি পরিবারের অংশ হয়ে গেছে। বিশেষ করে শততম পর্বের দিনে সবার একসাথে হওয়াটা তার কাছে ঈদের আনন্দের মতো লেগেছে। তিনি বলেন, “ডলি জহুর ম্যামকে আমি ‘ডার্লিং’ বলে ডাকি। গল্পের নতুন মোড় আসার কারণে কয়েকদিন একসাথে শুটিং হয়নি। তবে ১০০তম পর্ব উপলক্ষে আবার সবাই একসাথে হয়েছিলাম। রাশা, মম, মেজমা, নিনা, ফারদিন, ছোটচাচ্চু, মেজচাচ্চু—সবাই মিলে দারুণ আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছিল।”
সেটের সবচেয়ে দুষ্টু মানুষ কে—এমন প্রশ্নে হাসতে হাসতেই নিজের নাম বলেন শাফিউল রাজ। তার ভাষায়, তিনি সবসময় সবাইকে প্রাণবন্ত রাখার চেষ্টা করেন এবং তার সামনে কেউ মন খারাপ করে থাকতে পারে না। শুটিংয়ের মজার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন এই অভিনেতা। তিনি জানান, প্রায় প্রতিটি দৃশ্যের আগেই হাসি নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়। বিশেষ করে পরিচালক আশিষ দাদার মজার বকুনি শুনেও অনেক সময় সিরিয়াস অভিনয় করতে হয়েছে। নাটকে নিজের চরিত্র ‘নাহিয়ান’ সম্পর্কে বলতে গিয়ে শাফিউল রাজ বলেন, বাস্তবে এমন কেউ থাকলে অবশ্যই তাকে বন্ধু বানাতেন। কারণ নাহিয়ান খুব আবেগপ্রবণ, হুটহাট সিদ্ধান্ত নেয় এবং ভুল করে বসে। তাই বন্ধু হয়ে তার ভুলগুলো শুধরে দিতে চাইতেন তিনি।
এক লাইনে ‘পরম্পরা’কে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “পরম্পরা আমার কাছে আরেকটা স্কুল, যেখানে প্রতিনিয়ত গুণী মানুষের কাছ থেকে নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছি।” সহ-অভিনেতাদের সঙ্গে সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। বিশেষ করে রাশার সঙ্গে তার রসায়ন সবচেয়ে বেশি উপভোগ করেন বলে জানান। পাশাপাশি মেঘা, ফারদিন ও নিনাসহ পুরো টিমের সঙ্গেই এখন গভীর সম্পর্ক তৈরি হয়েছে। সেটের অজানা গল্প শেয়ার করতে গিয়ে শাফিউল রাজ বলেন, দর্শকরা শুধু পর্দার কাজ দেখেন, কিন্তু এর পেছনের পরিশ্রমটা দেখেন না।

প্রতিদিন কয়েক ঘণ্টার যাত্রা করে শুটিং সেটে পৌঁছাতে হয়, আবার শুটিং শেষে একইভাবে বাসায় ফিরতে হয়। তবুও দর্শকদের ভালোবাসাই তাদের সব কষ্ট ভুলিয়ে দেয়। দর্শকদের ভালোবাসা নিয়ে তিনি বলেন, “অনেকেই এখন আমাকে নাহিয়ান নামে চেনে। ভক্তরা যখন চরিত্রের নামেই ডাকে, তখন কাজের প্রতি দায়িত্ববোধ আরও বেড়ে যায়।
” ১০০তম পর্ব উপলক্ষে দর্শকদের উদ্দেশে শাফিউল রাজ বলেন, “পরম্পরা আমার জীবনের অন্যতম অধ্যায়। আশা করছি দর্শকদের ভালোবাসায় এই যাত্রা একদিন হাজার পর্বের মাইলফলক স্পর্শ করবে।”

Comments
No comments
Add a comment: