৭ দিনের মধ্যে বিচার না হলে শাহবাগে লাগাতার অবস্থান: ইনকিলাব মঞ্চ
শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।
নির্ধারিত সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হলে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। শুক্রবার (৫ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হওয়া একটি বিক্ষোভ সমাবেশ শেষে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, এখন পর্যন্ত সরকার হাদী হত্যার বিচার নিয়ে কোনো সুস্পষ্ট রূপরেখা দেয়নি। আসামিকে কত দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে এবং কীভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে, সে বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চায় ইনকিলাব মঞ্চ। আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গ-এর সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, তা গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন ছিল। তবে এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি। বিচার দাবিতে আর নতুন কোনো সময়সীমা দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এবার চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে শাহবাগে লাগাতার কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও জোরদার করা হবে।

Comments
No comments
Add a comment: