৫ দফা দাবিতে গাইবান্ধায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান

শিক্ষা ধ্বংসের জাতীয় শিক্ষাক্রম-২০২১ বাতিলসহ ৫ দফা দাবিতে বুধবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আদর্শ কলেজে ও আব্দুল হাই উচ্চ বিদ্যালয়ে গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাস, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সরকারি কলেজ সভাপতি কলি রানী বর্মন, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়া প্রমুখ।
লিফলেটে দাবিগুলো হচ্ছে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা পদ্ধতি তুলে দেয়া চলবে না। প্রতি ক্লাসে লিখিত পরীক্ষা চালু কর। পাশ-ফেল প্রথা তুলে দেয়া চলবে না, নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমানো চলবে না, ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ ইত্যাদি চিহ্নের মাধ্যমে মূল্যায়ন পদ্ধতি বাতিল কর। নম্বরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু কর।
ধারাবাহিক মূল্যায়নের নামে শিক্ষকদের হাতে মার্কস রাখা যাবে না, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পর পর দু'টি পাবলিক পরীক্ষা বাতিল কর এবং প্রতি ক্লাসে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও সনদ প্রদানের সিন্ধান্ত বাতিল। উল্লেখ্য, জ্ঞান-বিজ্ঞান-মনুষ্যত্ব ধ্বংসের জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিলের দাবিকে সামনে রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে দেশব্যাপী ৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে।

Comments
No comments
Add a comment: