সংসদে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা তুলে ধরার ঘোষণা প্রধানমন্ত্রীর
আগামী ১০ বছরের জন্য দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, পরিকল্পনা অনুযায়ী কাজ করে দেশের স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাস সরবরাহের ব্যবস্থাও করা হবে। শনিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত গুটিকয়েক ব্যক্তির স্বার্থে পরিচালিত হয়েছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, আগামী দশকের জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা সংসদে উপস্থাপন করা হবে এবং সংসদের মাধ্যমে এর বাস্তবায়ন শুরু হবে। জ্বালানি খাত নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সমালোচনা করে তারেক রহমান বলেন, কোনো পরিকল্পনা থাকলে তা জনগণের সামনে উপস্থাপন করতে হবে। 76;িভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার সুযোগ দেওয়া হবে না। দেশে বিনিয়োগ বাড়াতে নিরাপত্তা ও জ্বালানির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে পণ্য পরিবহন ও কাঁচামাল সরবরাহের নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে।
সমাবেশে তিনি জানান, আনোয়ারায় চীনের বিনিয়োগে বড় শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে শত শত কারখানা স্থাপিত হলে চট্টগ্রামের বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হবে এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়বে। কৃষকদের জন্য নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড কার্যক্রম চালু করা হয়েছে এবং লবণচাষিদেরও এই সুবিধার আওতায় আনা হবে। খুব শিগগিরই লবণের ন্যায্যমূল্য ঘোষণা করা হবে, যাতে লবণচাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।
এ ছাড়া বাঁশখালী উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন তিনি। পাশাপাশি চলতি অর্থবছরে সারাদেশে প্রায় ৪১ লাখ পরিবারের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার পরিকল্পনার কথাও জানান।

Comments
No comments
Add a comment: