শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনের সময় মুরসালিন আলম (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৬১ জনের নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। এর আগে ভুক্তভোগীর বাবা মো. শাহ আলম নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করেন। শুক্রবার সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৬০), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৬০), সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (৬০), আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ (৬০), সাবেক এমপি শামীম ওসমান (৫৫), শামীম ওসমানের বড় ভাই সাবেক এমপি সেলিম ওসমান (৬০) ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ (৫০)।

Comments
No comments
Add a comment: