রেল টিকিটে ২৫% ছাড় পাবেন প্রবীণ ও প্রতিবন্ধীরা, থাকছে শর্ত

রেল পরিবহনকে আরও জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে।
রোববার (২৪ মে) এ বিষয়ে বাংলাদেশ রেলওয়েকে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল ২৫ মে (সোমবার) থেকে দেশজুড়ে এই সুবিধা কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণরা ট্রেন ভাড়ায় এই বিশেষ ছাড় পাবেন। অনলাইনে টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। এই সুবিধা পেতে যাত্রীকে বাংলাদেশ রেলওয়ের ‘রেলসেবা’ অ্যাপে নিবন্ধিত থাকতে হবে। অনলাইন ও স্টেশন কাউন্টার—দুই মাধ্যমেই ছাড়ের টিকিট পাওয়া যাবে। তবে এই ছাড় শুধু মূল ভাড়ার ওপর প্রযোজ্য হবে। ভ্যাট ও সার্ভিস চার্জ আগের নিয়মেই দিতে হবে। একজন প্রবীণ যাত্রী প্রতি সপ্তাহে সর্বোচ্চ দুইবার এই সুবিধা ভোগ করতে পারবেন। সহযাত্রীর ক্ষেত্রে সাধারণ ভাড়া প্রযোজ্য হবে।
তবে সহযাত্রীও যদি প্রবীণ হন এবং ভেরিফায়েড থাকেন, তাহলে একজন অতিরিক্ত প্রবীণও ছাড় সুবিধা পাবেন। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রেও নতুন সুবিধা চালু করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারীরা এই সুবিধার আওতায় থাকবেন। আন্তঃনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে আগের ৫০ শতাংশ ছাড় বহাল থাকবে। পাশাপাশি এসি শ্রেণির টিকিটেও ২৫ শতাংশ ছাড় পাবেন তারা। তবে আপাতত প্রতিবন্ধীদের জন্য এই সুবিধা শুধু স্টেশন কাউন্টার থেকে টিকিট কাটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্যও ছাড় সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের ইউনিফাইড পরিচয়পত্র চালুর পর টিকিটে ২৫ শতাংশ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

Comments
No comments
Add a comment: