মালয়েশিয়ায় আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে চ্যাম্পিয়ন রুবামা আসর

আন্তর্জাতিক নেতৃত্ব বিকাশে অসাধারণ দক্ষতার স্বীকৃতি হিসেবে মালয়েশিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল লিডারশিপ সামিট ২০২৬-এ ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট চ্যাম্পিয়ন (Youth Empowerment Champion)’ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের তরুণ প্রতিনিধি রুবামা আসর।
মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (APU)-এ দুই দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে ফাতিহা আয়াত একাডেমি। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং আন্তর্জাতিক শিক্ষাবিদরা অংশ নেন।ফাতিহা আয়াত একাডেমির প্রতিষ্ঠাতা ফাতিহা আয়াত-এর নেতৃত্বে আয়োজিত এই সামিটে অংশগ্রহণ করেন জিরো অলিম্পিয়াড-এর পার্টিসিপ্যান্ট ও ফাইনালিস্টরা, পাশাপাশি গ্লোবাল লিডারশিপ ট্রেইনিং অ্যান্ড স্কিলস (GLTS) প্রোগ্রামের শিক্ষার্থীরা। জিরো অলিম্পিয়াডের ফাইনালিস্টদের জন্য বিশেষ আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগও রাখা হয়।সামিটে তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ, সংকট মোকাবিলা, সমস্যা সমাধান এবং কার্যকর যোগাযোগ দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রথম দিনে ‘Who Am I Becoming?’ শীর্ষক সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা আত্ম-অন্বেষণ, ব্যক্তিগত বিকাশ এবং নেতৃত্বের দর্শন নিয়ে কাজ করেন। এছাড়া Leadership Styles ও Crisis Scenario Activity-এর মাধ্যমে বাস্তবধর্মী পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।
দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুপ্রেরণামূলক ও বাস্তবভিত্তিক সেশন। এতে Keynote Speaker হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির প্রফেসর ফারাহ হানিফ (মালয়েশিয়া), ড. সারভিন্দর কৌর সান্ধু (ভারত), ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর ফাতমির শেহু (আলবেনিয়া) এবং ড. নাজমুস সায়াদাত (বাংলাদেশ)। তাঁরা নেতৃত্বের নৈতিকতা, সংকটকালীন সিদ্ধান্ত গ্রহণ, দল পরিচালনা এবং বৈশ্বিক নেতৃত্বের নানা দিক তুলে ধরেন।সামিটের অন্যতম আকর্ষণ ছিল Scenario-Based Problem Solving কার্যক্রম। এতে অংশগ্রহণকারীরা Crisis Cabinet Member-এর ভূমিকায় বাস্তবধর্মী সংকট বিশ্লেষণ করে সমাধান উপস্থাপন করেন এবং Public Statement-এর মাধ্যমে নিজেদের নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করেন।
দুই দিনের নিবিড় প্রশিক্ষণ, দলীয় কার্যক্রম ও মূল্যায়নের ভিত্তিতে অংশগ্রহণকারীদের মধ্যে সেরাদের সম্মাননা প্রদান করা হয়। নেতৃত্বের দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা, আত্মবিশ্বাস, কার্যকর যোগাযোগ এবং সামগ্রিক পারফরম্যান্সে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য রুবামা আসর-কে ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়।এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক নেতৃত্বের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে নতুন এক সাফল্যের গল্প লিখেছেন রুবামা আসর। আয়োজকদের মতে, তার এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে নেতৃত্ব বিকাশ ও বৈশ্বিক পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরতে অনুপ্রাণিত করবে।

Comments
No comments
Add a comment: