ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো সিরিয়া
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে লাতাকিয়া প্রদেশের গ্রামীণ এলাকা।
অন্তত ১০টিরও বেশি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার (২৫ জুন) ইরানের মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার লাতাকিয়া প্রদেশের কুরফায়েস গ্রামের কাছে পরপর বিস্ফোরণগুলো ঘটে। এগুলো ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী আল-জোলানির অনুগত বিদেশি জঙ্গিদের ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়। আল-মায়াদিন টিভি জানিয়েছে, আল-জোলানির তথাকথিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে টার্গেট করা হয় এ হামলায়।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণগুলোর শব্দ এতটাই প্রবল ছিল যে বেশ দূর থেকেও তা শোনা গেছে। যদিও এখনও এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়েও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ঘটনার পরপরই সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। উল্লেখ্য, সিরিয়ায় কয়েক বছর ধরে গৃহযুদ্ধ চলমান রয়েছে এবং দেশটির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিদ্রোহী ও জঙ্গিগোষ্ঠীর উপস্থিতি এখনো পরিস্থিতিকে অস্থিতিশীল করে রেখেছে।

Comments
No comments
Add a comment: