বিশ্ব মা দিবস আজ

‘মা’—মাত্র এক অক্ষরের একটি শব্দ, অথচ এর মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, নিঃস্বার্থ ভালোবাসা ও স্নেহের অনুভূতি। পৃথিবীর সবচেয়ে মধুর এবং আবেগঘন শব্দগুলোর অন্যতম এই ‘মা’।
আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। সেই ধারাবাহিকতায় এবারও ১০ মে পালিত হচ্ছে দিনটি।
মা দিবসের আধুনিক প্রচলন শুরু হয় যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে আন্না জার্ভিস নামের এক নারী প্রথমবার দিবসটি পালন করেন। তিনি পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ এই আয়োজন করেছিলেন। পরে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে মা দিবস হিসেবে ঘোষণা দেন। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হতে শুরু করে।
মা শুধু একজন অভিভাবক নন, সন্তানের জীবনের প্রথম শিক্ষক, নিরাপদ আশ্রয় ও সবচেয়ে নির্ভরতার জায়গা। সন্তানের জন্ম থেকে বেড়ে ওঠা, শিক্ষা, মূল্যবোধ ও জীবনের প্রতিটি ধাপে মায়ের অবদান অপরিসীম। তাই মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন না হলেও, মা দিবস সেই অনুভূতিকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়। কেউ মাকে ফুল বা উপহার দিয়ে শুভেচ্ছা জানান, কেউ পারিবারিক আয়োজন করেন। আবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে স্মৃতিচারণ করেন।
তবে অনেকেই মনে করেন, শুধু একটি দিন নয়—প্রতিদিনের আচরণ, যত্ন ও সম্মানের মধ্য দিয়েই মায়ের প্রতি সত্যিকারের ভালোবাসা প্রকাশ করা উচিত। কারণ অনেকের কাছেই মা মানে পুরো পৃথিবীর আরেক নাম।

Comments
No comments
Add a comment: