বিবাহবিচ্ছেদ ছাড়াই রাজকীয় উপাধি হারালেন প্রিন্সের স্ত্রী

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর প্রতি অসম্মান প্রদর্শন এবং রাজপরিবারের মর্যাদার সঙ্গে অসঙ্গত আচরণের অভিযোগে প্রিন্স আবদুল মালিকের স্ত্রী পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর রাজকীয় উপাধি প্রত্যাহার করা হয়েছে।
সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ব্রুনাইয়ের রাজপরিবার। বিবৃতিতে বলা হয়, রাবিয়াতুলের কর্মকাণ্ড সুলতানের প্রতি অসম্মানজনক ছিল এবং এতে রাজপরিবারের সুনাম ক্ষুণ্ন হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, রাবিয়াতুল তার ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ উপাধি হারিয়েছেন। তবে তিনি ঠিক কী ধরনের আচরণ করেছেন বা কোন ঘটনার কারণে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ৩৩ বছর বয়সী রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনাইয়ের প্রিন্স আবদুল মালিকের স্ত্রী।
৪৩ বছর বয়সী আবদুল মালিক সিংহাসনের উত্তরাধিকার ক্রমে চতুর্থ স্থানে রয়েছেন। ২০১৫ সালে রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়। প্রায় ১০ দিন ধরে চলে বিয়503;র আনুষ্ঠানিকতা। এই দম্পতির চার সন্তান রয়েছে। বিষয়টি আরও আলোচনায় এসেছে কারণ রাবিয়াতুল এখনো প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এর আগে সুলতান হাসানাল বলকিয়াহ তার সাবেক দুই স্ত্রীকেও বিবাহবিচ্ছেদের পর রাজকীয় উপাধি থেকে বঞ্চিত করেছিলেন। ২০০৩ সালে দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজ এবং ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের সঙ্গে বিচ্ছেদের পর তাদের রাজকীয় মর্যাদা প্রত্যাহার করা হয়।
তবে রাবিয়াতুলের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা হওয়ায় সিদ্ধান্তটি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। ব্রুনাইয়ের ৮০ বছর বয়সী সুলতান হাসানাল বলকিয়াহ ১৯৬৮ সালে দেশটির ২৯তম সুলতান হিসেবে সিংহাসনে বসেন। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এই শাসক বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় সিংহাসনে থাকা রাজা বা শাসকদের একজন। তেলসমৃদ্ধ ছোট দেশ ব্রুনাই বোর্নিও দ্বীপে অবস্থিত এবং মালয়েশিয়ার ভূখণ্ড দ্বারা ঘেরা। দেশটির রাজপরিবার ও রাজকীয় রীতিনীতি নিয়ে নতুন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

Comments
No comments
Add a comment: