বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে বঙ্গভবনেই অবস্থান করছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠক শেষে আজ রোববার (২৬ জুলাই) বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠতে পারেন তিনি। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রাষ্ট্রপতির পদত্যাগের পর থেকেই প্রশ্ন ছিল, বঙ্গভবন ছাড়ার পর কোথায় থাকবেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গুলশানে তাঁর নিজস্ব ফ্ল্যাটে ওঠার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তার বিষয়টিও জোরদার করা হয়েছে। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরও স্পিকারের জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই অবস্থান করছেন হাফিজ উদ্দিন আহমদ। সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং দায়িত্ব নিয়েছে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। তবে তিনি নিজ বাসভবনে অবস্থান করলেও বঙ্গভবন থেকেই রাষ্ট্রপতির দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।

Comments
No comments
Add a comment: