পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে সিভিল রিভিশন চলবে কি না, রায় ২৪ জুন

পারিবারিক আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে দেওয়ানি কার্যবিধির (CPC) ১১৫ ধারায় হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন দায়ের করা আইনগতভাবে গ্রহণযোগ্য (Maintainable) কি না— এ বিষয়ে আগামী ২৪ জুন ২০২৬ রায় ঘোষণা করবেন হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম।
বুধবার (১৭ জুন) হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলামের একক বেঞ্চে সিভিল রিভিশন নং ৫৫১৪/২০২৫ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। মামলার তথ্য অনুযায়ী, বাদী ডা. মো. জুনায়েদ তাঁর ৭ বছর বয়সী কন্যা সন্তানের হেফাজত চেয়ে শিশুটির মা ডা. তানিজা জাবিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পারিবারিক আদালত, ঢাকা-এর মামলা নং ৮৯৫/২০২৩-এ গত ২৮ জুলাই ২০২৫ তারিখে দেওয়া আদেশে আদালত শিশুটিকে মা ও নানীর হেফাজতে রাখার নির্দেশ দেন এবং বাবাকে সন্তানের সঙ্গে সাক্ষাতের সুযোগ প্রদান করেন।
উক্ত আদেশে অসন্তুষ্ট হয়ে ডা. জুনায়েদ পারিবারিক আপিল নং ২৬৫/২০২৫ দায়ের করেন। তবে ৬ নভেম্বর ২০২৫ তারিখে আপিল আদালত আপিল খারিজ করে নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন। পরবর্তীতে বিচারিক আদালত ও আপিল আদালতের আদেশের বিরুদ্ধে ডা. জুনায়েদ দেওয়ানি কার্যবিধির ১১৫ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন নং ৫৫১৪/২০২;৫ দায়ের করেন। শুনানিকালে বিবাদী ডা. তানিজা জাবিনের পক্ষে নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট খন্দকার ইকবাল আহমেদ, অ্যাডভোকেট এ. কে. এম. খলিলুল্লাহ (কাশেম) এবং অ্যাডভোকেট মোহাম্মদ মুসফিকুল হক যুক্তি উপস্থাপন করেন যে, পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫-এর ৩, ১৭ ও ২০ ধারার বিধান অনুযায়ী এ ধরনের সিভিল রিভিশন গ্রহণযোগ্য নয়।
তাঁদের বক্তব্য অনুযায়ী, অধ্যাদেশের ২০ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে পারিবারিক আদালতের কার্যক্রমে দেওয়ানি কার্যবিধির (CPC) কেবল ১০ ও ১১ ধারা প্রযোজ্য হবে; অন্যান্য বিধান প্রযোজ্য হবে না। ফলে CPC-এর ১১৫ ধারার অধীনে হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন দায়েরের সুযোগ নেই।
আইনজীবীরা আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে অনেক পক্ষ আইনের এই বিধান উপেক্ষা করে পারিবারিক আদালতের বিষয়ে হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন দায়ের করে আসছেন, যা তাদের মতে Wrong Forum-এ মামলা দায়েরের শামিল। এ বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ২৪ জুন ২০২৬ রায়ের দিন ধার্য করেছেন।
আইন সংশ্লিষ্ট মহলের মতে, এই রায় পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত হাজার হাজার বিচারাধীন সিভিল রিভিশন মামলার ভবিষ্যৎ অবস্থান ও গ্রহণযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Comments
No comments
Add a comment: