দাবানলের আগুনে পুড়ছে ফ্রান্স-স্পেন

ফ্রান্স ও স্পেনে টানা কয়েকদিনের ভয়াবহ দাবানলে তিন লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন।
প্রবল তাপপ্রবাহ ও দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। রোববার (২৬ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।পরিস্থিতির অবনতি হওয়ায় স্পেনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে এবং সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে দাবানলে অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মানিসেসের সল্ট দে ল'আইগুয়া গিরিখাতে আগুন নেভানোর সময় প্রায় ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে তার গাড়ির ভেতর মৃত অবস্থায় উদ্ধার করেন দমকলকর্মীরা।
অন্যদিকে, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিরোন্দ ও লঁদ অঞ্চলে শনিবার গভীর রাতে আরও ৫৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে দেশটিতে দাবানলের কারণে সরিয়ে নেওয়া মানুষের সংখ্যা প্রায় আড়াই লাখে পৌঁছেছে।
ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন নিকোলাস ব্রাজ এএফপিকে বলেন, আগুন এতটাই ভয়াবহ ছিল যে এটি নিজস্ব বাতাস ও ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি করেছিল। ফলে আগুন অত্যন্ত অস্থির ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি আরও কঠিন হতে পারে।দাবানল মোকাবিলায় ফ্রান্স সরকার সামরিক বাহিনী মোতায়েন করেছে। সেনাবাহিনীর অতিরিক্ত সদস্যরা ঝোপঝাড় পরিষ্কার, অগ্নিনিরোধক প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা এবং দমকল বাহিনীকে সহায়তার কাজে অংশ নিচ্ছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্গঠন করা হবে এবং যতদিন প্রয়োজন, সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।

Comments
No comments
Add a comment: