আন্তর্জাতিক রোবটিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর সাফি, সাফওয়ান ও সাবিকের স্বর্ণপদক জয়

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশান কম্পিটিশন এন্ড এক্সিবিশান (WICE) ২০২৫-এ স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশের টিম ‘কিডজানা- আকাশ পাঠাবো’।
২১ থেকে ২৪ সেপ্টেম্বর সেগি ইউনিভার্সিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক আন্তর্জাতিক দল অংশগ্রহণ করে। ইন্দোনেশিয়ান ইয়াং সাইনটিস্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় কিডজানার সার্বিক তত্ত্বাবধানে উদ্ভাবিত ডিজাস্টার ম্যানেজমেন্ট রোবট ‘জেফিরন’ চূড়ান্ত পর্বে নির্বাচিত হয় এবং আইটি এন্ড রোবোটিক্স (IR) ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করে।
রোবট ‘জেফিরন’ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহায়ক হিসেবে কাজ করতে সক্ষম। এটি ২০টি স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে অগ্নি নির্বাপন, স্বাস্থ্য পরীক্ষা, পরিবেশের তাপমাত্রা ও গ্যাস পর্যবেক্ষণসহ জরুরি কার্যক্রম সম্পাদন করতে পারে। বিচারক ও বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা ব্যতিক্রমধর্মী এই উদ্ভাবনটির বিশেষ প্রশংসা করেন।
প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, পাকিস্তান, ফিলিপাইন, হংকং, তুরস্ক, তিউনিসিয়া, আলজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২০০-এর অধিক দল অংশ নেয়।
বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী টিমের সদস্যরা হলেন—
সাফি বিন সুলতান ,
সাফওয়ান সাদাদ ,
সাবিক বিন সুলতান
দলের উপদেষ্টা ছিলেন কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোসাদ্দেক হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কিডজানার সিএমও সাদেকুল ইসলাম। উল্লেখ্য, শিশু-কিশোরদের রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ম্যাথমেটিক্সসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনে কিডজানা ক্রিয়েটিভ সেন্টার সারা দেশে আফটার স্কুল প্রোগ্রাম, সেমিনার ও ওয়ার্কশপ পরিচালনা করছে। পাশাপাশি, সিঙ্গাপুর ও মালয়েশিয়া ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে আগামী প্রজন্মের দক্ষতা উন্নয়নে কাজ করছে।

Comments
No comments
Add a comment: